আদর্শ ঢাকা আন্দোলনের সভা পণ্ড, শওকত মাহমুদ আটক
রাজধানীর পান্থপথে আজ মঙ্গলবার আদর্শ ঢাকা আন্দোলনের একটি সভা পুলিশি বাধা পণ্ড হয়ে গেছে। সেখান থেকে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে সাদা পোশাকের পুলিশ আটক করে নিয়ে গেছে।
আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির তথ্য উপস্থাপনের জন্য আজ বেলা ১১টার দিকে পান্থপথের সামারাই কনভেনশনে আদর্শ ঢাকা আন্দোলন একটি সভা ডাকে। এতে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, মনোনীত মেয়রপ্রার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়। তবে বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পুলিশ ফটকটি আটকে দেয়।
কনভেনশনের ফটকে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, এই ঘটনা প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যে গণতন্ত্রের কথা বলেন তার বিপরীত। নিন্দাও জানাতে চাই না। শুধু বলতে চাই, তারা (সরকার) যেন নাগরিক অধিকারের ব্যাপারে সচেতন হয়।
আদর্শ ঢাকা আন্দোলনের নেতা জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, ঘরোয়া অনুষ্ঠানের জন্য অনুমতির প্রয়োজন হয় না। তার পরও কলাবাগান থানাকে এই অনুষ্ঠানের ব্যাপারে লিখিতভাবে জানানো হয়েছে। সেটির কপিও তিনি দেখান। তিনি আরও বলেন, গোয়েন্দারাও অনুষ্ঠানের ব্যাপারে খবর নিয়েছিল। কিন্তু কোনো আপত্তি জানায়নি।
ফটকের সামনে দায়িত্ব পালন করা সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াকুব আলী বলেন, নিরাপত্তার স্বার্থে সকাল থেকে তিনি সেখানে দায়িত্ব পালন করছেন।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, একটি অনুষ্ঠানে অংশ নিতে সামারাই কনভেনশনে ঢোকার সময় পুলিশ শওকত মাহমুদকে বাধা দেয়। একপর্যায়ে ছাই রঙের একটি গাড়িতে (ঢাকা মেট্রো-চ-৫৩৪২০৬) করে সাদা পোশাকের পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। তাঁর ধারণা, তাঁকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে। ওই গাড়ির পেছনে শওকত মাহমুদের ঘনিষ্ঠজনদের একটি গাড়িও আছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ নাশকতার আটটি মামলা আছে বলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা জানালেন।
যাত্রাবাড়ী থানায় করা গাড়ি পোড়ানোর তিন মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।