আদর্শ সদরের ৫৬ কেন্দ্রের ৪৬টিই ঝুঁকিপূর্ণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ আজ সোমবার। তবে উপজেলার ৫৬টি ভোটকেন্দ্রের ৪৬টিই ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল কাইয়ুম।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, এ নির্বাচনে ভোটারের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৩৫২। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ১৯৭ ও নারী ৯৫ হাজার ১৫৫ জন। উপজেলার ৬টি ইউনিয়নের ৫৬টি কেন্দ্রের ৪৬১টি কক্ষে ভোট হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যা ব, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে ২২ জন করে পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। যেখানে হাঙ্গামা হবে, সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হবে না। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে।
রেজাউল কাইয়ুম বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে যেতে পারেন, সে ব্যবস্থা রিটার্নিং কর্মকর্তাকে করতে হবে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, ‘উপনির্বাচন হলেও তফসিল ঘোষণার পর থেকে টানা নির্বাচনী এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মিসভা করেছি। মানুষ নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।’
২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি রাতে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রউফ মারা যান। এরপর দীর্ঘ সময় পদটি শূন্য ছিল। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল ইসলাম এ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। ওই পদ থেকে পদত্যাগ করে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।