আদর্শ সোয়াইকা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার
পঙ্কজ সরন ঢাকা ছেড়ে যাওয়ার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিযুক্ত হয়েছেন আদর্শ সোয়াইকা। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে প্রায় চার বছর দায়িত্ব পালনের পর গতকাল শনিবার ঢাকা ত্যাগ করেন পঙ্কজ সরন। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের জন্য ভারতের হাইকমিশনার হিসেবে মনোনীত হর্ষ বর্ধন শ্রিংলা আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে ঢাকায় আসার আগপর্যন্ত দায়িত্ব পালন করবেন আদর্শ সোয়াইকা। হর্ষ বর্ধন শ্রিংলা এখন থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিএসএম বিভাগে যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন।
ঢাকায় আসার আগে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সোয়াইকা দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিভাগের পরিচালক ছিলেন। এর আগে তিনি বেইজিং, সোফিয়া ও মস্কোর ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করেন।