হেফাজতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সংসদে শিল্পমন্ত্রী
আদর্শচ্যুতি হলো কি না সেটা দেখার বিষয়
হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সমালোচকদের উদ্দেশে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সবার সঙ্গে বৈঠক করতে পারেন। এখানে জাত যাওয়ার কিছু নেই। নীতির কোনো ব্যত্যয় হলো কি না, আদর্শচ্যুতি হলো কি না, সেটা হলো দেখার বিষয়।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আমু এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ ও জনগণ উন্নয়নের মহাসড়কে ধাবমান, ঠিক তখনই বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধী শক্তি এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে। তারা দেশে ২০১৩ ও ২০১৪ সালের মতো আগুনে পুড়িয়ে মানুষ হত্যার মতো ধ্বংসাত্মক কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না। এ দেশে আর কখনো অসাংবিধানিক কোনো সরকার আসতে দেওয়া হবে না।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবে। জনগণের প্রতি আস্থা নেই বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে ভয় পান। এ জন্য সহায়ক সরকারের কথা বলে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। দুনিয়ার কোথাও সহায়ক সরকার নেই। বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘ওনার (মওদুদ) নাকি খাট নাই। চাইলে খাট পাঠিয়ে দেব। চাইলেই পাঠিয়ে দেব।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘উনি (ফখরুল) জামা খুলে ফেললেন। এটা কোনো কথা হলো? নিজের কষ্টের কথা কাউকে বলতে হয় না।’