ছাত্ররাজনীতির আদর্শবাদী ধারাকে ফিরিয়ে আনার আহ্বানের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৫তম জাতীয় সম্মেলন। এবারের তিন দিনব্যাপী সম্মেলনের স্লোগান ‘তারুণ্যের অবিনাশী শক্তি রুখে দিক লুণ্ঠন-আগ্রাসন-শিক্ষাবাণিজ্য’।সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগঠনের কর্মীরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। শিল্পী মুস্তাফা মনোয়ার সম্মেলনের উদ্বোধন করেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের শিল্পীরা জাতীয় সংগীত ও ছাত্র ইউনিয়ন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মুস্তাফা মনোয়ার বলেন, ‘তলোয়ার নয়; কলমের শক্তি দিয়ে সভ্যতা এগিয়েছে। দেশের মুক্তি, সভ্যতার বিকাশ—সবকিছু কলমের মাধ্যমেই হয়েছে। কারণ বিষয়বস্তু থেকে প্রকাশভঙ্গি বড়। এ জন্য প্রকাশভঙ্গির চর্চা ও বিকাশ ঘটাতে হবে।’ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদ বলেন, ‘একদিকে সন্ত্রাস-দখলদারি আর ছাত্রহত্যার রাজনীতি অব্যাহত আছে, তার বিপরীতে আছে আদর্শবাদী ধারা। ছাত্রসমাজের বিবেচনার বিষয় তারা কোনটা গ্রহণ করবে।’ অনুষ্ঠানে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও মানবেন্দ্র দেব, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ১৮ ও ১৯ জুলাই দুই দিনব্যাপী কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হবে।