আদা ও রসুনের দাম বেড়েছে
চট্টগ্রামের বাজারে এবার আদা ও রসুনের দাম বেড়েছে। গত শুক্রবার থেকেই দাম বেড়ে যায় বলে জানান ব্যবসায়ীরা। সাধারণ দোকানিরা বলছেন, ‘বেশি দামে কিনেছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’ পাইকারি দোকানিদের অভিমত, আমদানি কমে যাওয়ায় আদা ও রসুনের বাড়তি দাম রাখতে হচ্ছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজার ও চৌমুহনী কর্ণফুলী বাজারে গিয়ে দেখা যায়, হঠাৎ আদা-রসুনের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। রেয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে আদা বিক্রি হয় ৮৫-৮৬ টাকা দরে। রসুনের কেজি ছিল ৮৫-৮৮ টাকা। খুচরা বাজারে আদা ও রসুন বিক্রি হয় যথাক্রমে ৯০-৯৫ টাকা কেজিতে। এর আগের সপ্তাহে আদার কেজি ছিল ৬০-৬৫ টাকা এবং রসুন বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকা কেজিতে। বাজারে রুহুল আমিন নামের এক ক্রেতা বলেন, ‘ক্রেতাদের নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষার কী দরকার বুঝি না। ইচ্ছে হলেই যেকোনো অজুহাতে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে।’ বিক্রেতা আহমদ হোসেন বলেন, ‘এখানে আমাদের কোনো হাত নেই। বাজারে দাম বেড়ে গেলে আমরা বেশি দামে কিনে সে হিসেবে দাম হাঁকি। এ ছাড়া তো কোনো উপায় থাকে না।’