আদা চাষে দিনবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের খেতে আদা তুলতে ব্যস্ত রংপুরের তারাগঞ্জের বালাপাড়া গ্রামের কৃষক জয়তুল হক। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
নিজের খেতে আদা তুলতে ব্যস্ত রংপুরের তারাগঞ্জের বালাপাড়া গ্রামের কৃষক জয়তুল হক। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের জয়তুল হকের ৯ শতক বসতভিটা ছাড়া কোনো জমি ছিল না। অন্যের জমিতে কামলা খেটে কোনো রকমে সংসার চালাতেন। তবে ছয় বছর আগের ওই জয়তুলের সঙ্গে এখনকার জয়তুলকে মেলানো যায় না।
জয়তুল এখন একজন সফল চাষি। পাকা বাড়ি ও এক একর জমির মালিক তিনি। মূলত আদা চাষ করে দিন বদল করেছেন তিনি। সাথি ফসল হিসেবে করেছেন বেগুন ও মরিচের চাষ। তাঁর সাফল্য দেখে গ্রামটির শতাধিক কৃষক একইভাবে ভাগ্য বদল করেছেন।
সম্প্রতি বালাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ আদা, মরিচ ও বেগুনের খেত। বেশির ভাগ নারী-পুরুষ কর্মব্যস্ত। কেউ খেত থেকে আদা, বেগুন, মরিচ তুলছেন; কেউ তা বস্তায় ভরে রিকশা ও টেম্পোতে করে বাড়ি অথবা হাটবাজারে নিয়ে যাচ্ছেন।
জয়তুল বলেন, দরিদ্র পরিবারে জন্ম তাঁর। লেখাপড়া হয়নি। কাজ পেলে খাবার জুটত, না পেলে অনাহারে থাকতে হতো। তাঁর কষ্টের কথা শুনে ২০১০ সালে তারাগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন বসতভিটার ৬ শতক জমিতে তাঁকে আদা, মরিচ ও বেগুন চাষের পরামর্শ দেন। তখন থেকে তিনি আদা চাষ শুরু করেন এবং সাথি ফসল হিসেবে মরিচ ও বেগুন লাগান। ৭০ দিনের মাথায় খেতে বেগুন ও মরিচ ধরে। নয় মাস পর আদার ফলন দেখে মুখে হাসি ফোটে। আদা, মরিচ, বেগুন বিক্রি করে সেবার আয় হয় ২০ হাজার টাকা। এরপর অন্যের জমি বর্গা নিয়ে আদা চাষে লেগে পড়েন। এভাবে চাষের জমি বাড়ে, আয় বাড়ে, সংসারে আসে সচ্ছলতা। পাকা বাড়ি ও এক একর জমির পাশাপাশি তাঁর চারটি গাভিও আছে। এখন ৩০ শতক জমিতে লিচুর বাগান করেছেন। এবার ৯০ শতক জমিতে করেছেন আদা চাষ। সাথি ফসল হিসেবে বেগুন ও মরিচ আবাদ করে আয় করেছেন ৩৫ হাজার টাকা। খেতে যে আদা আছে, তা বিক্রি করলে পাবেন প্রায় দেড় লাখ টাকা।
প্রতিবারের মতো এবারও এক একর জমিতে আদা চাষ করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, ধানের চেয়ে আদা চাষে লাভ বেশি। এক একর জমিতে ধান চাষ করতে ব্যয় হয় ১৬-১৭ হাজার টাকা। উৎপাদিত ধান বিক্রি হয় ৩০-৩২ হাজার টাকায়। এতে লাভ ১৪-১৫ হাজার টাকা। কিন্তু এক একর জমিতে আদা চাষে ব্যয় হয় ৬০-৭০ হাজার টাকা। বিক্রি হয় দুই থেকে আড়াই লাখ টাকা। এতে আয় হয় দেড় থেকে দুই লাখ টাকা।
সাইদুল ইসলাম সংসার চালাতেন দিনমজুরি করে। মাঝেমধ্যে রিকশা চালাতেন। এরপরও অনটন লেগে থাকত। তিনি জানান, চার বছর আগে তিনি ২০ শতক জমি বর্গা নেন। স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে জয়তুলের সহযোগিতায় সেখানে শুরু করেন আদা, বেগুন ও মরিচের চাষ। ঘুরে যায় ভাগ্যের চাকা। কেনেন ৪২ শতক জমি, করেন টিনের বাড়ি। এবার ৬০ শতক জমিতে আদা চাষ করে আয় করেছেন ৯০ হাজার টাকা।
২০ হাজার টাকা ধার করে ৫ বছর আগে ২০ শতক জমিতে আদার চাষ শুরু করেন আজহারুল ইসলাম। এখন তাঁর বাড়ির চারদিকে গাছপালা ও এক একর জমিতে আদা রয়েছে। এখন আদা বিক্রি করে বছরে আয় করেন দুই লাখ টাকা।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার জানান, মার্চে জমি চাষ করে আদা রোপণ করা হয়। নভেম্বর-ডিসেম্বরে খেত থেকে আদা তোলা হয়। সাথি ফসল হিসেবে মরিচ ও বেগুন চাষ করা যায়। উপজেলার কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, লাভ বেশি হওয়ায় কৃষকেরা ধান চাষের বদলে আদার চাষে ঝুঁকছেন। এবার একরপ্রতি গড়ে আট টন আদা উৎপাদন হয়েছে।