
শীতের পরিযায়ী ছোট্ট পাখি। চোখে না দেখে শুধু ডাক শুনেই এদের শনাক্ত করা যায়। বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ে এরা। এদের পছন্দ বেতঝোপ, পানের বরজ, আখখেত, ছিটকা ঝোপ ইত্যাদি জায়গা। কয়েক সেকেন্ড পরপর ‘ট্যাক্-ট্যাক-চ্যাট চ্যাট’ শব্দে ডাকে, ঝোপঝাড়ে লাফায়-ঝাপায়, মাটিতেও নামে। মূল খাদ্য পোকামাকড়। খাদ্যতালিকায় আরও আছে মাকড়সার ডিম, অন্যান্য লার্ভা-শুঁয়াপোকা ও ছোট জাতের মৌমাছি। ফসলের খেতের নানান রকম রসাল পোকা এদের অতিশয় প্রিয় খাবার। পান করে বড় বড় কচুপাতা বা কলাপাতায় জমা টলটলে শিশির। আত্মগোপনে অতিশয় পারদর্শী, বিপদের গন্ধ পেলে ঝোপে লুকিয়ে একেবারে চুপ। ত্বরিত গোসল সেরে নেয় পুকুর-জলাশয়ের পাড়ের জলে বুক-পেট ভিজিয়ে। রোদও পোহায় নিয়মিত।
ডাকাডাকিতে এলাকা মুখরিত করে রাখা এই পাখিটির নাম টিকরা। আদাটুনি ও লাফানে টুনি নামেও পরিচিত। ইংরেজি নাম Blyths Reed Warbler. বৈজ্ঞানিক নাম acrocephalus dumetorum. দৈর্ঘ্য ১৩-১৪ সেন্টিমিটার, ওজন ৮-১২ গ্রাম। ঢাকা শহরের পার্ক-উদ্যানের ঝোপঝাড়সহ শহরতলিতেও দেখা যায়।
অতি চঞ্চল ও তুলনামূলকভাবে লম্বা ঠোঁটের এই পাখিটির মাথা-পিঠ-ডানার উপরিভাগের রং জলপাই-বাদামি বা জলপাই-ধূসর, তাতে হালকা হলুদাভ আভা থাকে। লেজের আগায় কালচে ভাব আছে। গলা-বুক-পেট মেটে বা সাদা রঙা, তার সঙ্গে মেশানো হলুদাভ বাদামি আভা। গলা সাদা। লেজের আগার তলদেশ এবং চোখের ভ্রু সাদা। ঠোঁট কালচে তামাটে। চোখের ওপর দিয়ে কাজলের একটা সূক্ষ্ম সরু টান যেন।
খুব ভালো থাকে এরা আমাদের দেশে এসে। তেমন কোনো শত্রু নেই এদের। তবে সুযোগ পেলে সোনাব্যাঙ লাফ দিয়ে মুখে পুরে ফেলে।