আদাবর থানার এসআই রতন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামলী এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় আদাবর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দীন এই আদেশ দেন।
গতকাল এসআই রতন কুমার হালদার তাঁর আইনজীবী সাইদুর রহমানের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মামলার বাদীও গতকাল আদালতে উপস্থিত ছিলেন। শুনানিতে এসআই রতনের আইনজীবী আদালতে বলেন, ভুল বোঝাবুঝির কারণে এই মামলা করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। আসামিকে জামিন দেওয়া হলে বাদীর কোনো আপত্তি নেই। শুনানি শেষে আদালত মামলার অভিযোগের গুরুত্ব বিবেচনায় এসআই রতনের জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এসআই রতন কুমার হালদার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। পরদিন ওই ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা করেন। আদালত অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর গত ১৬ ফেব্রুয়ারি আদালত রতন কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তবে ওই ঘটনায় অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে পুলিশের করা তিন সদস্যের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়নি। অবশ্য অভিযোগ ওঠার পর এসআই রতনকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।