আদাবর থানাহাজতে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের সাত ঘণ্টা পর মো. মন্নাছ (৫৮) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘটেছে। গতকাল রোববার ভোরে রাজধানীর আদাবর থানায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, মন্নাছ আত্মহত্যা করেছেন।
আদাবর থানার এসআই রণজিৎ কুমার সরকার বলেন, ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীর বয়স যখন দুই বছর, তখন তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর কয়েক বছর নানির সঙ্গে থাকত সে। গত তিন বছর থেকে দাদা-দাদির সঙ্গে আদাবরের মেহেদীবাগে থাকে এবং একটি পোশাক কারখানায় চাকরি করে। গত শনিবার সন্ধ্যায় ওই কিশোরী থানায় এসে অভিযোগ করে, সে ধর্ষণের শিকার হয়েছে। কিশোরী জানায়, তার দাদি যখন বাসায় থাকেন না, তখন তার দাদা তাকে ধর্ষণ করেন। গত দুই মাসে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।
রণজিৎ কুমার বলেন, এ অভিযোগে শনিবার রাত নয়টার দিকে ওই কিশোরীর দাদা মন্নাছকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, আরেক আসামির সঙ্গে তাঁকে থানাহাজতে রাখা হয়েছিল। ভোর পৌনে চারটার দিকে ওই আসামি মন্নাছকে হাজতের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে ও পরে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রণজিৎ কুমার আরও বলেন, মন্নাছের গায়ে থাকা ফতুয়া পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু আত্মহত্যার পর লাশে যেসব লক্ষণ দেখা যায়, এর কিছুই তাঁর শরীরে ছিল না। ধারণা করা হচ্ছে, ফাঁসিতে ঝোলার আগমুহূর্তে তাঁর ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।
মন্নাছের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। স্ত্রী, নাতনিসহ তিনি আদাবরে একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।