রাজধানীর আদাবরে গতকাল শনিবার ভোরে শাহিদা আক্তার সুরভি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, শাহিদা আত্মহত্যা করেছেন। এদিকে একই দিন গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদরুল আলম (৩২) নামের এক যুবক মারা গেছেন।আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মোহসীন হাওলাদার প্রথম আলোকে বলেন, শাহিদা আক্তার স্বামী ও সন্তান নিয়ে মনসুরাবাদের ব্লক বির ৩ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। ওই বাসায় শাহিদার শ্বশুর, শাশুড়ি ও দেবরও থাকেন। গতকাল ভোর ছয়টার দিকে ওই বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটি শোয়ার কক্ষের মেঝেতে পড়ে ছিল। শাহিদার গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে। তাঁর বাবা খালেক বেপারী।নিহতের স্বামী ফিরোজ জামানের বরাত দিয়ে এসআই মোহসীন আরও বলেন, গত শুক্রবার রাতে খাওয়া-দাওয়া করার পর শাহিদা ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে তাঁর স্বামী ফিরোজ জামান জেগে উঠে দেখেন, শাহিদা খাটে নেই। এরপর তিনি বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও না খোলায় তাঁর সন্দেহ হয়। পরে তিনি দরজা ভেঙে দেখেন, শাহিদা বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। তিনি তড়িঘড়ি করে শাহিদাকে নামিয়ে মেঝেতে নিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।আত্মহত্যার কারণ সম্পর্কে এসআই বলেন, বাসায় শ্বশুর, শাশুড়ি ও দেবরের সঙ্গে থাকতে সমস্যা হচ্ছিল বলে শাহিদা ফিরোজকে নতুন বাসা নিতে বলেছিলেন। আর তা না নেওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে বনানীর ১ নম্বর সড়কের ৬৩ নম্বর বাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সদরুল আলম। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সদরুলের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুটিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মাহফুজুর রহমান।