আদাবরে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

রাজধানীর আদাবর এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রচুর জিহাদি বই, পেট্রল, ল্যাপটপ, কাচের বোতল, ৮-১০টি হেলমেট, লোহার পাইপ ও আদাবর থানা শিবিরের ব্যানার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে।
প্রথমে চারজনকে আটক করা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়। আদাবর ও মোহাম্মদপুর থানার প্রায় ৫০ জন পুলিশ সেখানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা অভিযান চালায়।
আজ বুধবার সকাল নয়টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ছয়তলা ভবনের (৫৭/২) চারতলার একটি ফ্ল্যাট থেকে এসব উদ্ধার করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন হুমায়ুন কবীর (৩২) ও আজগর আলী (২২)। হুমায়ুন কবীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজগর ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। তাঁরা ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। আটক হওয়া অন্যজন বর্তমানে থানায় আছেন।
পুলিশ জানায়, সকালে শিয়া মসজিদের কাছে পেট্রল ঢেলে আগুন দেওয়ার সময় আজগরসহ দুজনকে আটক করা হয়। পরে আজগরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ছয়তলা ওই ভবনের চারতলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে এসব জিনিস জব্দ করা হয়। তবে সেখানে আর কেউ ছিল না।
আজগরের দেওয়া তথ্যমতে, ওই ফ্ল্যাটে আদাবর ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক থাকেন। এই ভবনের চারতলা থেকে ছয়তলা পর্যন্ত শিবিরের মেস। পুলিশ ছয়তলার একটি ফ্ল্যাট থেকে হুমায়ুনকে আটক করে।
এই ভবনে প্রতিটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে। এগুলোর মধ্যে বেশির ভাগের মালিক ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
চারতলার এই ফ্ল্যাটের মালিক মাসুদুর রহমান মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, দুই বছর আগে ব্যাংকের পক্ষ থেকে তাঁদের এই ফ্ল্যাট কিনে দেওয়া হয়। এখানে কে থাকত, কী করত, তিনি কিছুই জানেন না। আরেকজন কর্মকর্তা এসব দেখাশোনা করতেন বলে জানান তিনি।