আদাবরের ১২ বাসিন্দার বিরুদ্ধে দুটি মামলা
রাজধানীর আদাবরের মনছুরাবাদের বহুতল ভবনের ১২ জন বাসিন্দার বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে এই মামলা করা হয়।ভবনের বাসিন্দাদের অভিযোগ, গত সোমবার ওই ভবনের একজন নারী বাসিন্দার সঙ্গে এক অচেনা যুবককে ঢুকতে না দেওয়ায় ওই নারী ভবনের নিরাপত্তাকর্মীসহ কয়েকজনের ওপর চড়াও হন। তবে পুলিশের দাবি, বাসিন্দারা ওই নারীকে মারধর করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। তখন বাসিন্দারা পুলিশের ওপর হামলা করেন। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন।আর বাসিন্দাদের অভিযোগ ছিল, আদাবর থানার পুলিশ সব সময় ওই নারীর পক্ষ নিয়ে আসছে। ওই নারীর বিষয়ে ভবনের অন্য বাসিন্দাদের স্পর্শকাতর কিছু অভিযোগ ছিল। বিভিন্ন সময়ে এ বিষয়ে থানার সাহায্য চেয়েও বাসিন্দারা পাননি। মামলা করতে চাইলেও পুলিশ কখনো মামলা নেয়নি। তবে ওই নারীর বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি সাধারণ ডায়েরি করেছেন তাঁরা। সর্বশেষ ঘটনার দিন ভবনের নিরাপত্তাকর্মীকে মেরে আহত করেছে পুলিশ।জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ভবনের সাতজন নারী ও পাঁচজন পুরুষ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। অন্যদিকে মারধরের অভিযোগ এনে শাহানা পারভীন তাঁদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। গতকাল মঙ্গলবার তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। সেখানে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত নামঞ্জুর করেন। তবে বাসিন্দাদের ব্যাপারে আদালত কী সিদ্ধান্ত নিয়েছেন, তা গতকাল রাত নয়টা পর্যন্ত জানা যায়নি।প্রকাশিত সংবাদের প্রতিবাদ: গত ১৮ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘আদাবরের বাসিন্দাদের ওপর চড়াও পুলিশ, মাদক ব্যবসায়ীর পক্ষ নেওয়ার অভিযোগ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন শাহানা পারভীন। তিনি বলেন, আদাবরের মনছুরাবাদের আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ৩৯/৪১ নম্বর ভবনের একটি ফ্ল্যাটের মালিক তিনি। ১৭ অক্টোবর গ্যারেজ ও ফ্ল্যাটের দখল নিয়ে তিনি আদাবর থানার যথাযথ কর্তৃপক্ষকে ফোন করে প্রশাসনিক সাহায্য চান। এর আগে দুজন ফ্ল্যাটবাসীর দ্বারা আক্রান্ত হয়েছিলেন তিনি।শাহানা দাবি করেন, ওই দিন রাত প্রায় আটটার দিকে একজন পুলিশ কর্মকর্তা ও একজন কনস্টেবল তাঁকে উদ্ধার করতে গেলে ওই দুই বাসিন্দা পুলিশ ও তাঁকে আক্রমণ করেন। তখন পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সব উপপরিদর্শক, দাঙ্গা পুলিশ ও মহিলা পুলিশ গিয়ে ১৭ জন বাসিন্দাকে গ্রেপ্তার করে।প্রতিবাদপত্রে শাহানা বলেন, ‘কোনও থানায় আমার নামে নারী পাচারকারী হিসেবে বা অন্য অভিযোগে মামলা বা সাধারণ ডায়েরি নেই। আমি “আদাবরে বাসিন্দাদের ওপর চড়াও পুলিশ! মাদক ব্যবসায়ীর পক্ষ নেওয়ার অভিযোগ” শীর্ষক প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’