আদার কেজি ৯০ টাকা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এবার আদার ফলন ভালো হয়েছে। দামও ভালো। প্রতি কেজি আদা ৯০ টাকা দরে বিক্রি করে কৃষক ধানের চেয়ে ছয় গুণ বেশি লাভের মুখ দেখছেন।
গতকাল বুধবার তারাগঞ্জ বাজারে চাষিদের ৯০ টাকা কেজি দরে আদা বিক্রি করতে দেখা গেছে। কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক মিলন সরকার বলেন, ‘আদা হামার কপাল খুলি দিছে। ৭৫ হাজার টাকা খরচ করি এইবার মুই ৮০ শতক জমিত আদা গারছুনু। আদা পাছুন ৪৫ মণ। প্রতি কেজি আদা ৯০ টাকা দামে ব্যাছাছুন ১ লাখ ৬২ হাজার টাকা। খরচ বাদ দিয়া লাভ হইছে ৮৭ হাজার টাকা।’
পাড়ঘাট গ্রামের ধান চাষি শাহ আলম বলেন, ‘গত মৌসুমে মুই ১০০ শত কোত (এক একর) ভুইয়োত ১৪ হাজার টাকা খরচ করি ধান নাগাছুনু। ধান ব্যাছে লাভ হইছে খালি ১৫ হাজার টাকা। আর এবার ওই জমি কোনাত আদা গারি লাভ করছুন ৯০ হাজার টাকা।’
জগদীশপুর গ্রামের কৃষক আয়নাল হক জানান, আগে তিনিও শুধু ধানের চাষ করতেন। কিন্তু গত বছর আদার চাষ করে তাঁর ধানের চেয়ে ছয়-সাত গুণ বেশি লাভ হয়েছে। এ কারণে এখন তিনি তাঁর জমিতে শুধু আদার চাষ করছেন। এ বছর দুই একর জমিতে আদা চাষ করে লাভ করেছেন ১ লাখ ৮০ হাজার টাকা।
সয়ার ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান জনান, আগে সয়ার ইউনিয়নে কৃষকেরা শুধু ধানের চাষ করতেন। কিন্তু আদা চাষ শুরু হওয়ার পর ১০-১২ বছরের মধ্যে এখানকার অনেক কৃষক ধান চাষ ছেড়ে দিয়েছেন। আদাখেতে সাথি ফসল হিসেবে মরিচ-বেগুন চাষ করছেন। এতে এসব ফসল বিক্রি করেও একরে ২০ থেকে ২২ হাজার টাকা বাড়তি আয় হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১ হাজার ৭২৪ একর জমিতে আদার চাষ হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার জানান, মার্চ মাসে জমি চাষ করে আদা রোপণ করা হয়, তোলা হয় নভেম্বর-ডিসেম্বরে। একরে ৮০ থেকে ১০০ মণ পর্যন্ত আদা হয়ে থাকে।
উপজেলার কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, লাভ বেশি হওয়া কৃষকেরা ধান ও তামাক চাষের বদলে উঁচু জমিতে আদা চাষ করছেন। এ বছর ফলন ভালো হওয়ায় এবং দামও বেশি পাওয়ায় আদাচাষির মুখে হাসি ফুটেছে।