পয়লা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীর বাজারে লাগামহীন হয়ে যাওয়া ইলিশ মাছের দাম সপ্তাহ না ঘুরতেই কমে এসেছে। নববর্ষ উপলক্ষে এক হাজার টাকা ছাড়িয়ে যাওয়া ছোট আকারের জোড়া ইলিশ গতকাল শুক্রবার পাওয়া গেছে ৬০০ থেকে ৬৫০ টাকায়।
ইলিশের কারণে আড়ালে থাকা আদার দামের ঊর্ধ্বগতি গতকাল আবারও বোঝা গেছে। গত মাস থেকে বাড়তে থাকা আদার দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে মানভেদে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল প্রতি কেজি আদা ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। গত সপ্তাহে তা ছিল ১৭০ থেকে ২২০ টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, হঠাৎ করে আদার সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দাম বেড়েছে।
এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম পাঁচ টাকা বেড়ে ১৪০-১৪৫ টাকা হয়েছে। অবশ্য সবজি ও চালের দামে তেমন হেরফের হয়নি। দোকানিরা জানান, দুই সপ্তাহ আগে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। এ সপ্তাহে দাম বাড়েনি, আবার কমেওনি।
কারওয়ান বাজারের চালের একাধিক পাইকারি দোকান ঘুরে জানা গেছে, গতকাল প্রতি কেজি মিনিকেট ৫২, স্বর্ণা ৩৬ ও নাজিরশাইল ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। দুই সপ্তাহ আগে এসব চালের দাম ছিল যথাক্রমে ৫০, ৩৫ ও ৫০ থেকে ৫৬ টাকা।
কয়েকটি বাজার ঘুরে ও দোকানিদের সঙ্গে কথা বলে চালের মূল্যবৃদ্ধির তথ্য পাওয়া গেলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকালের বাজারদরের তালিকা অনুযায়ী, গত এক মাসে চালের দাম বাড়েনি।
রূপচাঁদা ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে এক-দুই টাকা কমেছে। কারওয়ান বাজারের একাধিক দোকানি জানান, গত সপ্তাহে রূপচাঁদা ব্র্যান্ডের পাঁচ লিটারের বোতল বিক্রি হয়েছিল ৫৭০ টাকায়। এখন তা কমে হয়েছে ৫৬০ টাকা। তবে অন্যান্য ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত আছে।
বেশ কিছু সবজির ক্ষেত্রে মিরপুরের কাজীপাড়ার বাজারের সঙ্গে কারওয়ান বাজারের দামের উল্লেখযোগ্য পার্থক্য চোখে পড়েছে। কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ টাকা বিক্রি হলেও কাজীপাড়া বাজারে ছিল ৬০ টাকা। একইভাবে কারওয়ান বাজারে টমেটোর কেজি ৩৫ টাকা হলেও কাজীপাড়ায় ৫০ টাকায় বিক্রি হয়। দামের এমন তারতম্য ছিল কাঁকরোল, পটোল, লতি, ঢ্যাঁড়স, করলার ক্ষেত্রেও।