আদালত অবজ্ঞার দায়ে দুর্গাপুর থানার ওসিকে জরিমানা
আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের দায়ে নেত্রকোনার দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। জরিমানার টাকা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া ওসির বিরুদ্ধে পুলিশ আইন ১৮৬১-এর ২৯(২) ধারার বিধানমতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আগামী ৩০ দিনের মধ্যে বিভাগীয় মামলা রুজু করে আদালতকে জানানোর জন্য নেত্রকোনার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। নেত্রকোনার জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক আবদুর রহমান গত বুধবার এ রায় দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন অপরাধজনিত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালত দুর্গাপুর থানার ওসি আব্দুল করিমের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও সহায়তার নির্দেশ দিলে তিনি তা অমান্য করেন। এ ছাড়া বিধি মোতাবেক থানা থেকে মাসিক প্রতিবেদন আদালতে ঠিকমতো দাখিল করা হতো না। এসব কারণে ওসিকে আদালত বারবার কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তার জবাব দেননি।