আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দেশে বর্তমানে আদালত অবমাননার কোনো আইন নেই। দ্রুত মন্ত্রিসভার অনুমোদন নিয়ে আদালত অবমাননার একটি আইন আমি সংসদে উপস্থাপন করব। আমি মনে করি, আদালত অবমাননার আইন করা এ মুহূর্তে জরুরি হয়ে পড়েছে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল রোববার ‘বিচার বিভাগীয় রিপোর্টিং’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) এ কর্মশালার আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, আদালত অবমাননার আগের আইন অচল হয়ে গেছে। দেশে গণমাধ্যমের প্রসারের ফলে আইনটি দ্রুত হওয়া প্রয়োজন। সব পক্ষের সঙ্গে আলোচনা করে আইনটি করা হবে। এ জন্য সাংবাদিকদের পরামর্শ নেওয়া হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘দুই বিচারপতির কথোপকথন কারা রেকর্ড করল? এ কাজ বিচার বিভাগের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে। এটা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের অধীনে একটি অপরাধ। এখন পর্যন্ত ওই ব্যক্তিকে চিহ্নিত করা হলো না।’
কর্মশালায় সভাপতিত্ব করেন এলআরএফের সভাপতি এম বদিউজ্জামান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ হিরন।