আদালত অবমাননা আইন সংস্কারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আদালত অবমাননা আইনের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ এশিয়ার সাংবাদিক, লেখক, ইতিহাসবিদ ও মানবাধিকারকর্মীরা। একই সঙ্গে এই আইন সংস্কার ও বাক্স্বাধীনতা জোরদার করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ২৪ জন সংবাদিক, লেখক, ইতিহাসবিদ ও মানবাধিকারকর্মী এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিবৃতিটি প্রকাশ করেছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও ট্রাইব্যুনালের বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় গত ২ অক্টোবর আদালত অবমাননার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ ঘটনা বাক্স্বাধীনতা ও স্বাধীন জ্ঞানচর্চার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ও সাজা অবশ্যই মুক্ত এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে বলে তাঁদের বিশ্বাসের কথা তাঁরা শুরু থেকেই বলে আসছেন। তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ঐতিহাসিক বর্ণনার ভিন্নধর্মী পরীক্ষা-নিরীক্ষা, বিশ্লেষণ ও মন্তব্য মত প্রকাশের অধিকারের মধ্যেই পড়ে।
বিবৃতিদাতারা বলেন, তাঁরা অবগত আছেন যে দুই বছর আগে বার্গম্যান তাঁর ব্লগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ও আহতদের ওপর প্রকাশিত গবেষণা থেকে শহীদের সংখ্যা উল্লেখ করে পোস্ট দেন। ১৯৭১ সালে যে ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেই সত্য কোনোভাবেই শহীদের সংখ্যার পার্থক্যের কারণে হ্রাস পায় না।