আদালত অবমাননা আইন অবৈধ
আদালত অবমাননা আইন-২০১৩ অবৈধ ও সংবিধানপরিপন্থী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
আদালত বলেছেন, ‘আমরা চাই না কারও হাত বাঁধা থাকুক। প্রেস এখন শক্তিশালী মাধ্যম। আমরা প্রেসকে লিমিট করতে চাই না আবার প্রেসও যেন লিমিটের বাইরে না যায়। আমরা প্রতিদিনই প্রেসের সাহায্য নিই।’
একই সঙ্গে আদালত ওই আইনে আনা ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩ (২) ধারা সংবিধানের ১০৮ অনুচ্ছেদের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক ও অসাংবিধানিক বলে রায় দিয়েছেন।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি আদালত অবমাননা আইনে নতুন কয়েকটি ধারা সংযোজন করা হয়। আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩ (২) ধারা সংবিধানের ১০৮ অনুচ্ছেদের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে গত ২৫ মার্চ দুই আইনজীবী রিট আবেদনটি করেন।
পরে ওই আটটি ধারা কেন সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
রিট আবেদন থেকে জানা যায়, আইনের ৪ ধারায় নির্দোষ প্রকাশনা বা বিতরণ অবমাননা নয়; ৫ ধারায় পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আদালত অবমাননা নয়; ৬ ধারায় অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারকের বিরুদ্ধে অভিযোগ আদালত অবমাননা নয়; ৭ ধারায় কতিপয় ক্ষেত্র ব্যতীত খাস কামরায় বা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত প্রক্রিয়া-সংক্রান্ত তথ্য প্রকাশ আদালত অবমাননা নয়—এসব বিষয়ে বলা আছে। সংবিধানের ১০৮ অনুচ্ছেদে ‘কোর্ট অব রেকর্ড’ রূপে সুপ্রিম কোর্টের ক্ষমতার বিষয়ে বলা হয়েছে।