আদালত অবমাননা করেনি প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর নম্বরপত্র জালিয়াতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিয়ে আদালত অবমাননার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম আলোর করা আপিল মঞ্জুর হয়েছে। ফলে প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও দুই প্রতিবেদক জরিমানা থেকে অব্যাহতি পেলেন।

আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণসহ আপিল মঞ্জুর করে আজ বৃহস্পতিবার এ রায় দেন।

হাইকোর্টের রায়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তত্কালীন প্রকাশক মাহফুজ আনাম, প্রতিবেদক একরামুল হক ও মাসুদ মিলাদকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছিল। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে প্রথম আলোর করা আপিল মঞ্জুর হওয়ায় জরিমানা থেকে তাঁরা অব্যাহতি পেলেন।

এ রায় সম্পর্কে প্রথম আলোর পক্ষের আইনজীবী সারা হোসেন বলেন, আপিল মঞ্জুর হয়েছে। নম্বরপত্র জালিয়াতির ঘটনাটি কলঙ্কজনক ছিল। কিন্তু তা প্রকাশ করা কলঙ্কজনক ছিল না। প্রথম আলোর প্রতিবেদনে আদালত অবমাননা হয়নি বলেই প্রমাণিত হলো।

হাইকোর্ট বিভাগের পদত্যাগ করা বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর এলএলবির নম্বরপত্র নিয়ে ২০০৪ সালের ৩০ অক্টোবর প্রথম আলো ও ভোরের কাগজ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে ফয়েজীর এলএলবির নম্বরপত্রে ঘষামাজার অভিযোগ আনা হয়। এতে ফয়েজীর বাবা মোহাম্মদ ফয়েজ আদালত অবমাননার আবেদন করেন।

এসব অভিযোগে ২০০৭ সালে বিচারপতি ফয়েজীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়। পরে ওই বছরের ১২ জুলাই তিনি পদত্যাগ করেন।

মামলার শুনানি শেষে ২০০৫ সালের ২১ মার্চ হাইকোর্ট প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তত্কালীন প্রকাশক মাহফুজ আনাম, প্রতিবেদক একরামুল হক ও মাসুদ মিলাদকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

এ ছাড়া ভোরের কাগজ পত্রিকার তত্কালীন সম্পাদক আবেদ খান ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিবেদক সমরেশ বৈদ্যকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিরা আপিল করেছিলেন।

ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরীর করা আপিলটি মঞ্জুর হয়েছে। ফলে জরিমানা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে তাঁর আইনজীবী এ এম আমিনউদ্দিন জানিয়েছেন। তবে পত্রিকাটির সাবেক সম্পাদক আবেদ খান ও প্রতিবেদক সমরেশ বৈদ্যের দণ্ডাদেশ সংশোধন করে তাঁদের করা আপিল খারিজ করে দিয়েছেন আদালত।