আদালত অবমাননা বিল সংসদে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার সর্বোচ্চ শাস্তি ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আদালত অবমাননা বিল, ২০১১ উত্থাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন।বিলে ব্রিটিশ আমলে প্রণীত কনটেমপ্ট অব কোর্ট অ্যাক্ট, ১৯২৬ বাতিলের সুপারিশ করা হয়েছে। বিলটি পাস হলে আদালতের কোনো বিচারিক কার্যধারা সম্পর্কে পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননা হবে না। এমনকি সুস্পষ্ট নিষেধাজ্ঞা ছাড়া বিচারকের খাসকামরায় বা রুদ্ধদ্বার কক্ষে বিচার-প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রকাশও আদালত অবমাননা হবে না। তবে বিলের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, বিচারিক বিধান অনুযায়ী গোপনীয় কোনো বিষয়ে রুদ্ধদ্বার বিচার কাজের তথ্য প্রকাশ করা যাবে না।বিলটি উত্থাপন করে আইনমন্ত্রী বলেন, ১৯২৬ সালে প্রণীত আইনটি রহিত করে কিছু সংশোধনীসহ পুনঃপ্রণয়ন করার লক্ষ্যে এ বিল উপস্থাপন করা হয়। পরে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন উপস্থাপনের জন্য স্পিকার আবদুল হামিদ বিলটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান।বিলে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেও দায়মুক্ত হতে পারেন। বিলে আদালত অবমাননার সুনির্দিষ্ট সংজ্ঞাও (দেওয়ানি বা ফৌজদারি অবমাননা) নির্ধারণ করা হয়েছে। ফৌজদারি অবমাননার অর্থ মৌখিক বা লিখিত কোনো শব্দ বা চিহ্ন দ্বারা যদি কোনো আদালতের কর্তৃত্ব হেয়প্রতিপন্ন করার, আদালত সম্পর্কে অপপ্রচার করার অভিপ্রায় প্রকাশ পায়, তাহলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে। এ ছাড়া কোনো বিচারিক কার্যধারা ক্ষুণ্ন করা অথবা হস্তক্ষেপ করা—এ ধরনের অভিপ্রায় প্রকাশ পেলে তাও আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।