আদালত অবমাননা বিষয়ে খালেদার আবেদনের শুনানি হয়নি
আদালত অবমাননা বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি হয়নি। গতকাল মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকার এক নম্বর ক্রমিকে ছিল। আজ এ আবেদেনের ওপর শুনানি হতে পারে।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও আপিল বিভাগের অপর দুই বিচারপতি গতকাল সকাল নয়টার দিকে সুপ্রিম কোর্টে নিজ কক্ষে যান। কিন্তু তাঁরা এজলাসে বসেননি। তবে প্রধান বিচারপতির এজলাস কক্ষে আইনজীবীরা উপস্থিত হন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাসহ আইন কর্মকর্তরা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় খালেদা জিয়ার আইনজীবীদের দেখা যায়নি।হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দফায় দফায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপির সমর্থক আইনজীবীরা। ফলে আদালত প্রাঙ্গণের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করতে হয়। সুপ্রিম কোর্টের সব প্রবেশ পথসহ প্রধান বিচারপতির এজলাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। বেলা পৌনে ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা শুনানির (আদালত অবমাননার আবেদন) জন্য আদালতে গিয়েছিলাম। আদালত বসেনি। সাধারণত হরতালে আদালত বসে না। কারণ অনেক বিচারক ও আইনজীবী আসতে পারেন না। আদালত বসলে আইনজীবীরা না এলে মামলা নষ্ট হয়ে যায়।’ মাহবুবে আলম বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেছেন তাঁদের মামলা পেশ করার সুযোগ দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ অসত্য। আদালত ৯০ মিনিট অপেক্ষা করেছেন। কিন্তু তাঁরা শুনানি করেননি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয় মূলত ওই রায় সঠিক কি না তা নিরূপণ করার জন্য। আদালত বলেছেন, তাঁদের (খালেদার আইনজীবীর) সব আবেদন শোনা হবে। আগে লিভ টু আপিলের ওপর শুনানি করেন। কিন্তু তাঁরা শুনানি করেননি।অ্যাটর্নি জেনারেল বলেন, বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করাই ছিল তাঁদের উদ্দেশ্য। তাঁদের আচরণ দেখে মনে হয়, যখন আদালতের সব আদেশ খালেদা জিয়ার পক্ষে যায় তখনই কেবল হাইকোর্টের রায় সঠিক হয়। মূল মামলার মেরিট (সারবত্তা) না দেখে আদালত অবমাননার আবেদন গ্রহণ করা যায় না। রাজনৈতিকীকরণের জন্যই এ অবস্থার সৃষ্টি করা হয়েছে। আদালত অবমাননার আবেদনটি শুনানির জন্য ছিল। আগ্রহ থাকলে তাঁরা শুনানি করতে যেতেন। বুধবারও এ মামলা শুনানির জন্য ধার্য রয়েছে। আমার মনে হয়, এ দিনও তাঁরা আসবেন না। তাঁরা শুনানি করতে চান না। তাঁরা কেবল মামলা নিয়ে প্রধান বিচারপতিকে বিতর্কিত করতে চান।মাহবুবে আলম অভিযোগ করেন, তাঁরা যাতে আদালতে যেতে না পারেন সে জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে আদালত ভবনে যাওয়ার সংযোগ পথে তালা লাগানো হয়েছে। সমিতির কিছু কর্মকর্তা একটি রাজনৈতিক দলের ইঙ্গিতে এ কাজ করেছেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া ও সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নুল আবেদীনের নেতৃত্বে পৃথক মিছিল বের করে বিএনপি সমর্থিত আইনজীবীরা। মিছিল দুটি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। খন্দকার মাহবুবের নেতৃত্বে কিছু আইনজীবী প্রধান সড়কে যেতে চাইলে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে পুলিশ বাধা দেয়। তাঁরা ফটকের সামনে ১৫ মিনিট অবস্থান করে ১১টার দিকে সমিতি ভবনের সামনে ফিরে আসেন। ওখানে প্রায় ঘণ্টাব্যপী সমাবেশ করেন। সেখানে খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া ও জয়নুল আবেদীন বক্তব্য দেন।