আদালত অবমাননা মামলায় ডিসিসির মেয়রের অব্যাহতি
সাভারের আমিনবাজারে বর্জ্য ফেলাসংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক তারেক বিন ইউসুফ। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের ওই অভিযোগ থেকে অব্যাহতি দেন। জানা যায়, সাভারের আমিনবাজারের কোন্দা ও বালিয়ারপুর মৌজায় বর্জ্যাগার (ডাম্পিং ডিপো) নির্মাণ ও বর্জ্য ফেলার বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় ফরিদ আহমেদ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৬ সালে হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিসিসির মেয়র ও ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের প্রতিনিধিকে কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন। আদালতে ডিসিসির মেয়রের পক্ষে আইনজীবী রফিক উল হক এবং বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির মামলা পরিচালনা করেন। ইকবাল কবির প্রথম আলোকে বলেন, ‘নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় হাইকোর্ট তাঁদের অব্যাহতি দিয়ে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা মার্চের আগে ওই প্রতিবেদনটি দাখিল করবে বলে জানিয়েছেন। খোকার মামলা প্রত্যাহার ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম রোকসানা বেগম গতকাল মঙ্গলবার মামলাটি প্রত্যাহার করে খোকাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। আদালত সূত্র জানা যায়, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে সরকার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনে মেয়র খোকার বিরুদ্ধে এ মামলা করেন। প্রসঙ্গত, গত ৮ এপ্রিল মামলাটি করা হয়। ২৭ মার্চ ঢাকা মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় সাদেক হোসেন খোকা বলেছিলেন, ‘জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনিই স্বাধীনতার ঘোষক।’