জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতা এবং জামায়াত নেতাদের এক আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে তাঁদের দু্ই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
যে ছয়জনের বিরুদ্ধে রুল দেওয়া হয়েছে তাঁরা হলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান এবং ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম। তবে তাঁদের সশরীরে হাজির হওয়ার বিষয়ে বাধ্যবাধকতা দেননি ট্রাইব্যুনাল।
গত বছরের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। ওই রায়ের প্রতিবাদে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। সেই সঙ্গে জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জানান। ৩১ ডিসেম্বর জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় এসব প্রতিক্রিয়া ছাপা হয়। আইনজীবী তাজুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ যেসব সাক্ষ্য-প্রমাণ দিয়েছে, সেটা গ্রহণ না করে ডাস্টবিনে ছুড়ো ফেলা হলেই সুবিচার হতো। জামায়াত-শিবিরের নেতা ও আইনজীবীর এসব প্রতিক্রিয়া ও বক্তব্য উল্লেখ করে ১ জানুয়ারি আদালত অবমাননার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ৫ জানুয়ারি ওই আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য গতকাল দিন ধার্য রেখেছিলেন ট্রাইব্যুনাল।
আদেশের সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও বিবাদীপক্ষের আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।