আদালত অবমাননার অভিযোগ অস্বীকার করেছে ইকোনমিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাময়িকীটি দাবি করেছে, আদালতের জন্য অবমাননাজনক কোনো কাজ তারা করেনি। ২৪ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল সোমবার ইকোনমিস্ট-এর পক্ষে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে লিখিত জবাব জমা দেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। তিনি এ বিষয়ে শুনানির দিন ধার্য করার আরজি জানালে ট্রাইব্যুনাল দিন ধার্য করেন।মোস্তাফিজুর রহমান খান পরে সাংবাদিকদের বলেন, লিখিত জবাবে ইকোনমিস্ট আদালত অবমাননার অভিযোগ অস্বীকার করেছে।ইকোনমিস্ট-এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় কেন আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম নেওয়া হবে না, তা জানতে চেয়ে গত বছরের ৬ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ কারণ দর্শানোর নোটিশ দেন। সাময়িকীটির দক্ষিণ এশীয় ব্যুরোপ্রধান অ্যাডাম রবার্টস ও চীনা সংস্করণের প্রধান রব গিফোর্ডকে দেওয়া ওই নোটিশে ট্রাইব্যুনাল বলেন, স্কাইপে প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কথোপকথন ও ই-মেইল যোগাযোগ হ্যাক করা হয়েছে, যা ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন। সে সময় এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি নিজামুল হক। পরে একটি জাতীয় দৈনিকে ওই স্কাইপ কথোপকথন ধারাবাহিকভাবে ছাপা হয়, যার পরিপ্রেক্ষিতে ১১ ডিসেম্বর বিচারপতি নিজামুল হক চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।ট্রাইব্যুনালস আইনের ১১(৪) ধারা অনুসারে, কোনো ব্যক্তি যদি ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা কার্যক্রমকে অপব্যবহার করেন অথবা ট্রাইব্যুনালের আদেশ বা নির্দেশ অমান্য করেন অথবা এমন কিছু করেন, যাতে ট্রাইব্যুনালে কোনো পক্ষের মামলার ক্ষতি হয় অথবা ট্রাইব্যুনালের কোনো সদস্যের প্রতি বিরাগ বা অবমাননার উদ্রেক করেন অথবা এমন কিছু করেন, যাতে ট্রাইব্যুনালের অবমাননা হয়, সেই ব্যক্তিকে ট্রাইব্যুনাল সর্বোচ্চ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তি দিতে পারেন।লিখিত জবাবে ইকোনমিস্ট দাবি করেছে, ১১(৪) ধারার আওতায় পড়ে এমন কাজ তারা করেনি। তারা ট্রাইব্যুনালের কার্যক্রমে বাধা সৃষ্টি করেনি, এর কার্যক্রমের অপব্যবহার বা আদেশ অমান্য করেনি। তারা বিচারপতি নিজামুল হকের স্কাইপ কথোপকথন বা ই-মেইল ঠিকানা হ্যাক করেনি, এগুলো তৃতীয় ব্যক্তির কাছ থেকে পাওয়া। ইকোনমিস্ট বরং ওই কথোপকথনের সত্যতা যাচাইয়ের জন্য বিচারপতি নিজামুল হকের সঙ্গে যোগাযোগ করেছিল।জবাবে আরও বলা হয়, যদি একটি সংবাদপত্র বা সংবাদ সাময়িকী কোনো সূত্র থেকে খবর পায়, একজন বিচারক বা ট্রাইব্যুনালের সদস্য দুই পক্ষকে (রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ) না জানিয়ে বাইরের কোনো ব্যক্তির সঙ্গে আদালতের কার্যক্রম নিয়ে আলাপ করেন, তবে তা মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন সে বিষয়ে সাংবাদিকেরা অনুসন্ধান করে প্রতিবেদন করতে ও মানুষকে জানাতে পারেন।সাকা চৌধুরীর বিরুদ্ধে ২২তম সাক্ষীকে জেরা বুধবার: একই ট্রাইব্যুনালে বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৩ম সাক্ষী বনগোপাল দাসকে গতকাল জেরা শেষ করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী অনীল বরণ ধরকে জেরার জন্য ২৭ মার্চ (বুধবার) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।