আদালত অবমাননার অভিযোগ এইচআরডব্লিউর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রাষ্ট্রপক্ষ এ-সংক্রান্ত আবেদন জমা দেয়।
রাষ্ট্রপক্ষ বলেছে, গত ১৫ জুলাই ট্রাইব্যুনাল-১ রায়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন। ১৬ আগস্ট এ রায়কে ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে এইচআরডব্লিউর বিবৃতিতে পাঁচটি যুক্তি তুলে ধরা হয়। রাষ্ট্রপক্ষ মনে করে, এর মধ্যে দুটি যুক্তি আদালতের জন্য অবমাননাকর। এ জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, এশিয়া অংশের নির্বাহী পরিচালক ব্র্যাড এডামস ও সহযোগী স্টর্ম টিভের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরু করার আবেদন জানানো হয়েছে।
বেলা আড়াইটার দিকে আবেদন জমা দেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, রাষ্ট্রপক্ষ মনে করে, এইচআরডব্লিউর বিবৃতি সম্পূর্ণ অনৈতিক, যেখানে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। বিশেষত পঞ্চম পর্যবেক্ষণটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। তৃতীয় ও চতুর্থ পর্যবেক্ষণের সঙ্গে রাষ্ট্রপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রথম ও দ্বিতীয় পর্যবেক্ষণ ভিত্তিহীন, পক্ষপাতদুষ্ট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মন্তব্য করার উদ্দেশ্য হলো ট্রাইব্যুনাল ও এর কর্মকাণ্ডকে বিতর্কিত করা এবং ট্রাইব্যুনালের প্রতি মানুষের আস্থা নষ্ট করা। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারায় এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম হাতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
তুরিন আফরোজ বলেন, হিউম্যান রাইটস ওয়াচের কোনো পর্যবেক্ষক আজ পর্যন্ত ট্রাইব্যুনালে কোনো মামলা পর্যবেক্ষণ করতে আসেননি। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। শুনানির সময় বিস্তারিতভাবে এসব যুক্তি তুলে ধরা হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম, সুলতান মাহ্মুদ, তাপস কান্তি বল প্রমুখ।