আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি তিন আইনজীবীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনাকারী তিন আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও তানভীর আহমেদ আল-আমীন ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাঁদের এই আরজি গ্রহণ করা হলো। তবে অভিযোগের গভীরতা বিবেচনা করে তাঁদের সতর্ক করা হলো। ট্রাইব্যুনাল আশা করেন, তাঁরা ভবিষ্যতে আদালতের নিয়মকানুন ও রীতিনীতি মেনে মামলা পরিচালনা করবেন। আদেশে আরও বলা হয়, ট্রাইব্যুনালে বক্তব্য রাখা থেকে বিরত থাকতে তাজুল ইসলামকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।গত বছরের ৬ নভেম্বর তাজুল ইসলামসহ এই তিন আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন এই ট্রাইব্যুনাল।মালুমের অপসারণ চেয়ে করা আবেদনের আদেশ ২০ জানুয়ারি: রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুমের অপসারণ চেয়ে জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা দুটি আবেদনের বিষয়ে ২০ জানুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১। গত সোমবার এ আবেদন দুটির শুনানি শুরু হয়ে গতকাল শেষ হয়।পুনর্বিচার-সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনার শুনানি শুরু: একই ট্রাইব্যুনালে গতকাল গোলাম আযম, জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচার-সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি শুরু হয়।শুনানিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, স্কাইপে কথোপকথন অবৈধ উপায়ে সংগ্রহ করা নথি নয়। এটি সর্বজনস্বীকৃত নথি। আজ পর্যন্ত বিচারপতি নিজামুল হক বা আহমেদ জিয়াউদ্দিন, কেউ এ কথোপকথন অস্বীকার করেননি। স্কাইপ কথোপকথন যে হ্যাক করা হয়েছে, সে বিষয়ে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। পরে রাষ্ট্রপক্ষের শুনানি অসমাপ্ত অবস্থায় আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।