আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সাংবাদিকেরা
আদালত অবমাননার অভিযোগ থেকে সমকাল ও নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাত সাংবাদিক নেতা অব্যাহতি পেয়েছেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার তাঁদের বিরুদ্ধে কার্যক্রম শেষ (প্রসিডিংস ইজ ড্রপড) করে আদেশ দেন।
এর আগে শুনানির শুরুতে এজলাসকক্ষে আইনজীবী ও সাংবাদিকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ নিয়ে হইচই ও হট্টগোলের একপর্যায়ে দুই বিচারপতি এজলাস ছেড়ে চলে যান। পরে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিক, আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন: সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও প্রকাশক এ কে আজাদ, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও প্রকাশক শামসুল হুদা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক এম সুজাউল ইসলাম।
গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। এর মাধ্যমে আদালতের অবমাননা হয়েছে—এমন অভিযোগে ২ মার্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও মিজানুর রহমান খানের বিরুদ্ধে রুল দেন হাইকোর্ট। ওই অভিযোগের শুনানিতে গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা নিয়ে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদের নেতিবাচক মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাঁর দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে বিবৃতি দেয় সাংবাদিকদের ওই চার সংগঠন। সমকাল ও নয়া দিগন্ত তা প্রকাশ করে। ৯ মার্চ হাইকোর্ট সমকাল সম্পাদক ও প্রকাশক, নয়া দিগন্ত সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিকদের সংগঠনগুলোর সাত নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন। বিবৃতিদাতা সাংবাদিক নেতাদের ১২ মার্চ আদালতে হাজির হতে বলা হয়।
নির্দেশনা অনুসারে গতকাল সাংবাদিক নেতারা আদালতে হাজির হন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, আরেক অংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুল হাই শিকদারসহ বিপুলসংখ্যক সাংবাদিক আদালতকক্ষে উপস্থিত হন। আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতির কারণে আদালতকক্ষে তিল ধারণের ঠাঁই ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা। এ সময় এজলাসকক্ষে ঢুকতে অসুবিধা হওয়ায় কয়েকজন আইনজীবী সাংবাদিকদের উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে কেউ কেউ সাংবাদিকদের এজলাসকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এ পরিস্থিতিতে বিচারপতিরা এজলাস থেকে নেমে যান।
পরে আদালতকক্ষের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের সঙ্গে আইনজীবী ও তাঁদের সহকারীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে জ্যেষ্ঠ সাংবাদিক, আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সাংবাদিকেরা বেরিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স (বর্ধিত) ভবনের সামনের দিকে চলে যান।
দুপুর সোয়া ১২টার দিকে বিচারপতিরা আবার এজলাসে আসেন এবং শুনানি হয়। বিকেলে আদালত রায় দেন।
সমকাল ও সাংবাদিক নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। তাঁকে সহায়তা করেন মো. মঞ্জুর আলম। নয়া দিগন্তর পক্ষে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক ও আহমেদ বিন কাসেম।
রায়ের পর শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, আদালত প্রসিডিং ড্রপ করে রায় দিয়েছেন। ফলে তাঁরা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন।