আদালত অবমাননার অভিযোগ থেকে প্রথম আলোকে অব্যাহতি
আদালত অবমাননার অভিযোগ থেকে প্রথম আলোকে অব্যাহতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন। তাঁরা নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিতভাবে আবেদন করেন। পরে আপিল বিভাগ আবেদন মঞ্জুর করেন। প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন।
গত ১৫ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে কারণ দর্শাতে বলেন আপিল বিভাগ। অবমাননার অভিযোগে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
‘প্রধান বিচারপতি বেছে নেওয়া’ শিরোনামে একটি নিবন্ধ ছাপা হয় প্রথম আলো পত্রিকায়। এটি যুক্ত করে আদালত অবমাননার অভিযোগে আইনজীবী মোহাম্মদ সিরাজুম মনীর আবেদনটি করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। আদালত জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম, আজমালুল হোসেন কিউসি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য শোনেন।