আদালত অবমাননার অভিযোগে সাতজনকে বেলার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা শিল্পের ব্যাপারে আদালতের নির্দেশ প্রতিপালন না করার অভিযোগে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সাতজনকে নোটিশ (আদালত অবমাননার) দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গতকাল বৃহস্পতিবার বেলার পক্ষ থেকে এ নোটিশ পাঠানো হয়।নোটিশে বলা হয়, ২০০৯ সালের ১৭ মার্চ উচ্চ আদালতের আদেশে বর্জ্যমুক্ত না করে কোনো জাহাজ ভাঙার উদ্দেশে বাংলাদেশে আনা যাবে না। পরে ১১ মে আদালত পুনরায় নির্দেশ দিয়ে বলেন, পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্ত সনদ গ্রহণ, যথাযথ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত এবং জাহাজের বর্জ্য অপসারণের অন্যান্য ব্যবস্থা গ্রহণ ছাড়া কোনো জাহাজ আমদানি ও ভাঙার কার্যক্রম শুরু করা যাবে না। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন আপিল দায়ের করে এবং স্থগিতাদেশ প্রার্থনা করে। কিন্তু আপিল বিভাগ ওই স্থগিতাদেশের আবেদনে কোনো নির্দেশ না দিয়ে হাইকোর্টের রায় মেনে কাজ পরিচালনার ওপর গুরুত্ব দেন। কিন্তু এর পরও ১৬টি জাহাজ ভাঙার জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তর অনাপত্তিপত্র দিয়েছে। বেশ কয়েকটি শিপ ব্রেকিং ইয়ার্ডকে শর্ত সাপেক্ষে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়েছে। এটা আদালত অবমাননাকর।নোটিশে এসব জাহাজের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র, রপ্তানিকারক দেশের স্বীকৃত প্রতিষ্ঠানের বর্জ্যমুক্ত সনদ ছাড়া আমদানি করা জাহাজের জন্য অনাপত্তিপত্র (এনওসি), বিচিংয়ের অনুমোদন প্রত্যাহার ও নতুন করে কোনো বিচিংয়ের অনুমোদন না দেওয়ার এবং এ ধরনের জাহাজের বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ নিশ্চিত করতে বলা হয়েছে। নতুন করে অনাপত্তিপত্র না দেওয়ার দাবি জানানো হয়েছে।এ ব্যাপারে বেলার আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, দুই দিনের মধ্যে এসব বাস্তবায়ন করে তা জানাতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।