আদালত অবমাননার অভিযোগে সাবেক রেজিষ্ট্রারকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত সম্পর্কে ‘অবমাননাকর’ লেখার ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ও সাবেক জেলা জজ ইকতেদার আহমেদকে ১০ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ১০ দিনের মধ্যে তাঁকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘বেপরোয়া লোভ-লালসা, অন্যায় আচরণ রোধ এবং আইনের যথাযথ প্রয়োগ’ শিরোনামে ইকতেদার আহমেদ রচিত একটি নিবন্ধ দৈনিক নিরপেক্ষ নামের পত্রিকায় ২৮ জানুয়ারি ছাপা হয়। ওই নিবন্ধ আদালত অবমাননাকর—এই অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী তারেক এম আর চৌধুরী আবেদন দাখিল করেন।