সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর এলএলবি নম্বরপত্র বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিয়ে আদালত অবমাননার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম আলোর করা আপিল মঞ্জুর হয়েছে।
আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণসহ আপিল মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার রায় দেন। প্রথম আলোর আইনজীবী সারা হোসেন জানিয়েছেন, এই রায়ের ফলে প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও দুই প্রতিবেদক আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি পেয়েছেন।
হাইকোর্টের রায়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তৎকালীন প্রকাশক মাহ্ফুজ আনাম, প্রতিবেদক একরামুল হক ও মাসুদ মিলাদকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছিল। সারা হোসেন বলেন, ‘আপিল মঞ্জুর হয়েছে। আপিল মঞ্জুর হওয়ায় প্রথম আলোর প্রতিবেদনে আদালত অবমাননা হয়নি বলেই প্রমাণিত হলো।’
ফয়সাল মাহমুদ ফয়েজীর এলএলবির নম্বরপত্র নিয়ে ২০০৪ সালের ৩০ অক্টোবর প্রথম আলো ও ভোরের কাগজ পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ফয়েজীর বাবা মোহাম্মদ ফয়েজ আদালত অবমাননার আবেদন করেন। আইনজীবী সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১২ জুলাই তিনি পদত্যাগ করেন।
এর আগে আদালত অবমাননার মামলার শুনানি শেষে ২০০৫ সালের ২১ মার্চ হাইকোর্ট প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তৎকালীন প্রকাশক মাহ্ফুজ আনাম, প্রতিবেদক একরামুল হক ও মাসুদ মিলাদকে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। এ ছাড়া ভোরের কাগজ-এর তৎকালীন সম্পাদক আবেদ খান ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিবেদক সমরেশ বৈদ্যকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০০৫ সালে পৃথক তিনটি আপিল করেন।
ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরীর কৌঁসুলি এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর আপিলটিও মঞ্জুর হয়েছে। ফলে জরিমানা থেকে তিনিও অব্যাহতি পেয়েছেন। তবে পত্রিকাটির সাবেক সম্পাদক আবেদ খান ও প্রতিবেদক সমরেশ বৈদ্যের দণ্ডাদেশ সংশোধন করে তাঁদের করা আপিল খারিজ করেছেন আদালত। পূর্ণাঙ্গ রায় পেলে বিস্তারিত জানা যাবে।
আদালতে প্রথম আলোর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন ও সারা হোসেন। ভোরের কাগজ-এর তৎকালীন সম্পাদক ও প্রতিবেদকের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। মোহাম্মদ ফয়েজের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তাঁকে সহায়তা করেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান।
সিদ্দিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, সাবেক বিচারপতি ফয়েজীর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় আদালত অবমাননা হয়েছে কি না, তা ছিল এখানে বিবেচ্য বিষয়। তাঁর সনদ বাতিল কিংবা নম্বর ঘষামাজার সত্যতা নির্ধারণ এই মামলার বিষয়বস্তু ছিল না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাঁর সনদ বাতিল করার পর তিনি রিট করলে হাইকোর্টে তাঁর পক্ষে রায় হয়। এটি এখন আপিল বিভাগে বিচারাধীন।