আদালত অবমাননার দায়ে ভূমি কর্মকর্তাকে অর্থদণ্ড
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোহর আলীকে আদালত অবমাননার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ মোস্তফা পাভেল রায়হান গত বৃহস্পতিবার বিকেলে ওই অর্থদণ্ড দেন। জানা গেছে, জোহর আলী মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বও পালন করছেন। আদেশ অনুযায়ী নির্ধারিত দিনে আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। মোরেলগঞ্জের ডেউয়াতলা গ্রামের কালিপদ রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।মামলা ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ডেউয়াতলা গ্রামের এসএ ৩৯০ খতিয়ানের চার দশমিক ৮৬ একর জমির মধ্যে অর্ধেক অংশের জমির মালিক ছিলেন মনোহর বৈরাগী। ১৯৭০ সালে একই গ্রামের নূরুদ্দিন রেজিস্ট্রিমূলে ওই জমি কিনেন এবং নামপত্তন করেন। ১৯৮২ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি কালিপদ রায়ের কাছে ওই জমি হস্তান্তর করেন। কিন্তু জমির দলিলটি জাল দাবি করে মনোহর বৈরাগীর ভাতিজা অনিল বৈরাগী জমিটি ডিসিআরমূলে বন্দোবস্ত নেন। একই জমি একজনের নামে নামপত্তন ও আরেকজনের নামে ডিসিআর দেওয়ার ঘটনায় কালিপদ রায় একটি মিস মামলা (নং-৬০/৮৬) করেন। আদালত গত ১৭ জুলাই মামলার নির্ধারিত তারিখে মোরেলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জোহর আলীকে নথিপত্রসহ সশরীরে আদালতে উপস্থিত হওয়ার আদেশ দেন। কিন্তু ওই কর্মকর্তা নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তাঁকে অর্থদণ্ড দেন।