আদালত অবমাননার দায়ে সাজা ভোগ করলেন বার্গম্যান

মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল মঙ্গলবার কার্যক্রম চলাকালীন তিনি কারাদণ্ড হিসেবে এজলাসে এই সাজা ভোগ করেন। একই সঙ্গে বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল এ আদেশ দেন। আদেশে বলা হয়, ট্রাইব্যুনালের কার্যক্রম চলা পর্যন্ত ডেভিড বার্গম্যান এই কারাদণ্ড ভোগ করবেন। দুপুর সোয়া ১২টার দিকে এ আদেশের কয়েক মিনিটের মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হয়।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার পর যতক্ষণ পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম চলেছে, ততক্ষণ পর্যন্ত এজলাসে ডেভিড বার্গম্যানের উপস্থিতি কারাদণ্ড হিসেবে বিবেচিত হবে। ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কারাভোগও শেষ হয়েছে।
ডেভিড বার্গম্যান ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক। তাঁর বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ আদালত অবমাননার অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ারক্রাইমস ডট ব্লগস্পট ডট কম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা এবং ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। লেখাগুলো হলো: ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’। আইনজীবী মিজান সাঈদ, মোকসেদুল ইসলাম ও এনামুল কবির এই আবেদনের পক্ষে শুনানি করেন। বার্গম্যানের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। দুই পক্ষে দীর্ঘ শুনানি হয়।
আদেশ: গতকাল বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। এ সময় এজলাসে থাকা বার্গম্যানকে দাঁড়াতে বলেন ট্রাইব্যুনাল। তিনি দাঁড়ালে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা এখন আদেশ পড়ে শোনাব। এ সময় আপনি বসতে পারেন, তবে চূড়ান্ত আদেশের সময় আবার দাঁড়াবেন। তবে নোট নিতে পারবেন না।’ নোট নেওয়ার বিষয়ে বার্গম্যান বলেন, ‘কিন্তু আমার আইনজীবী উপস্থিত নেই।’ ট্রাইব্যুনাল বলেন, ‘সেটা আপনার সমস্যা।’
এরপর আদেশ পড়া শুরু করেন বিচারপতি ওবায়দুল হাসান। একপর্যায়ে ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’ লেখায় মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বার্গম্যানের প্রশ্ন তোলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল বলেন, এর মাধ্যমে আদালত অবমাননা না হলেও কোনোভাবেই জনস্বার্থে ও ভালো বিশ্বাসে এই প্রশ্ন তোলা হয়নি। বরং শহীদদের সংখ্যা নিয়ে এই বিতর্ক এমন সময় তোলা হয়েছে, যখন ট্রাইব্যুনালের সামনে আরও অনেক বিচারাধীন মামলা ছিল। মুক্তিযুদ্ধ বাঙালির একটি আবেগের জায়গা। ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আর কোনো সমালোচনা না করার জন্য বার্গম্যানকে সতর্ক করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল বলেন, তবে বাকি দুটি লেখায় আদালত অবমাননাকর উপাদান রয়েছে। যে পদ্ধতিতে ও বিদ্রূপপূর্ণ ভাষায় বার্গম্যান তাঁর লেখায় মন্তব্য করেছেন, তা ট্রাইব্যুনালের কর্তৃত্বকে খাটো করেছে। পেশায় সাংবাদিক হয়ে তিনি বরং সেই সব ব্যক্তি বা গোষ্ঠীর মুখপাত্রের মতো কাজ করছেন, যারা এই বিচারপ্রক্রিয়ার বিরুদ্ধে অযৌক্তিক, পক্ষপাতমূলক ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে।
পর্যবেক্ষণ: ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, জাতির গর্ব মুক্তিযুদ্ধকে নিয়ে বার্গম্যান যে ন্যায়ভ্রষ্ট দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তা তাঁর মানসিকতা পরীক্ষা করলেই বোঝা যায়। এ জন্য বার্গম্যানের অন্য একটি লেখা পরীক্ষা করেছেন ট্রাইব্যুনাল। ইন্টারন্যাশনাল জাস্টিস ট্রিবিউন সাময়িকীর ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি সংখ্যায় তাঁর ‘আইসিটি: ক্যান ওয়ান সাইডেড ট্রায়ালস বি ফেয়ার?’ শিরোনামে ওই নিবন্ধে লেখা হয়েছে, ‘ঢাকার ট্রাইব্যুনাল কাজ করছে একাত্তরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সেই সব ঘটনা নিয়ে, যখন সত্তরের নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে পাকিস্তানি সেনাবাহিনী তা প্রতিহত করতে বল প্রয়োগ করে। আওয়ামী লীগের সমর্থকেরা ছিল পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) বসবাসকারী বাঙালি। পাকিস্তানি সেনা এবং আওয়ামী লীগের সমর্থক ও অন্যদের মধ্যে যুদ্ধ তখন শেষ হয়, যখন ভারতীয় সেনারা বাঙালি মুক্তিযোদ্ধাদের পক্ষে এতে হস্তক্ষেপ করে।’ প্রথমত, লেখার শিরোনামে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়াকে বার্গম্যান ‘একপক্ষীয় বিচার’ বলে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, বাঙালির আত্মপরিচয়ের যুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধকে তিনি ‘পাকিস্তানি সেনা ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা বিস্মিত এই দেখে যে কীভাবে ও কিসের ভিত্তিতে বিদেশি নাগরিক ডেভিড বার্গম্যান মুক্তিযুদ্ধ সম্পর্কে এ ধরনের ন্যায়ভ্রষ্ট মানসিকতা নিয়ে বাংলাদেশে কাজ করছেন। এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তবে এটা আমাদের বিষয় নয়। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ের আইনগত দিক খতিয়ে দেখতে পারে।’
এর আগে ২০১১ সালের ১ অক্টোবর নিউ এজ-এ ‘অ্যা ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামের মন্তব্য প্রতিবেদনের জন্য বার্গম্যান, পত্রিকাটির সম্পাদক নুরুল কবির ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল দেন ট্রাইব্যুনাল-১। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ওই রুল নিষ্পত্তি করে আদেশের সময় ট্রাইব্যুনাল বার্গম্যানকে ‘সর্বোচ্চ সর্তক’ করে বলেন, ওই প্রতিবেদনের একটি অংশ ‘অত্যন্ত অবমাননাকর।’
প্রতিক্রিয়া: আদেশের পর প্রতিক্রিয়ায় আবেদনকারীর আইনজীবী মিজান সাঈদ সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের এই রায়ের পর আর কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার ধৃষ্টতা দেখাতে পারবে না।
প্রতিক্রিয়ায় ডেভিড বার্গম্যান বলেন, ‘এ রায়ে অবশ্যই আমি হতাশ। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তবে পুরো রায় পড়ে দেখব প্রতিকার চাওয়ার কোনো সুযোগ আছে কি না। আমি এ দেশের মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে যত কাজ করেছি, সব সত্য ও ন্যায়নিষ্ঠ উপায়ে করার চেষ্টা করেছি।’
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বার্গম্যানের স্ত্রী সারা হোসেন বলেন, ‘আমরা মনে করি, ট্রাইব্যুনালের এ রায় মুক্তিযুদ্ধের চেতনার ওপর চরম আঘাত। মুক্তিযুদ্ধের চেতনা ছিল মুক্তবুদ্ধি, মুক্তচিন্তা, বাক্স্বাধীনতা ও ভিন্নমত পোষণের অধিকার। কিন্তু এ রায় বাক্স্বাধীনতাকে সংরক্ষণ করে না, বরং রুদ্ধ করে।’ তিনি বলেন, বার্গম্যানের এ দেশে বসবাস করা নিয়ে ট্রাইব্যুনাল যেসব মন্তব্য করেছেন, তা এখতিয়ারবহির্ভূত এবং আমরা এতে চরম আপত্তি জানাচ্ছি। বার্গম্যানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ আনেনি, তৃতীয় পক্ষ এনেছে। এটাই বরং খুঁজে বের করতে হবে, কারা বা কোন গোষ্ঠী তাঁর নাগরিকত্ব বা এ দেশে বসবাস নিয়ে প্রশ্ন তুলছে।’