আদালত অবমাননার বিষয়ে ৫১ নাগরিকের উদ্বেগ
গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজউল্লাহ এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর আদালত অবমাননার অভিযোগে রুল জারি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৫১ জন বিশিষ্ট নাগরিক।
গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কিছু যৌক্তিক প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার রুল জারির উদ্যোগ এবং এ জন্য জাফরুল্লাহ চৌধুরী ও মাহফুজউল্লাহকে সশরীরে হাজির হওয়ার জন্য ট্রাইব্যুনালের নির্দেশনা আমাদের উদ্বিগ্ন করেছে। ট্রাইব্যুনালের এ ধরনের পদক্ষেপ জনগণের মুক্ত মননশীলতা, চিন্তা ও বাক্স্বাধীনতার চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে আমরা মনে করি।’
গত ১৮ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোরের একটি টক শোতে ট্রাইব্যুনাল নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় ওই টিভি চ্যানেল, টক শোর সঞ্চালক মাহমুদুর রহমান মান্না এবং দুই আলোচক জাফরুল্লাহ চৌধুরী ও মাহফুজউল্লাহর বিরুদ্ধে ২৬ সেপ্টেম্বর আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেন ট্রাইব্যুনাল-১।
বিবৃতিতে বলা হয়, ‘জাফরুল্লাহ চৌধুরী যুদ্ধাপরাধের বিচারকে সমালোচনার ঊর্ধ্বে রাখার স্বার্থে কিছু মত দেন। যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত “সালাউদ্দিন কাদের চৌধুরীকে মনেপ্রাণে ঘৃণা করি” এই মন্তব্য করেও তাঁর পক্ষে একজন বিচারককে সাক্ষ্য দিতে দেওয়া হয়নি বলে তিনি এর সমালোচনা করেন।’
বিবৃতি দেওয়া ৫১ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে রয়েছেন: হামিদা হোসেন, এম হাফিজউদ্দিন খান, সালাউদ্দিন আমিনুজ্জামান, তোফায়েল আহমেদ, বদিউল আলম মজুমদার, হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, মানজুর হাসান, শাহদীন মালিক, আমেনা মোহসীন, দিলারা চৌধুরী, সৈয়দ আনোয়ার হোসেন, আহমেদ কামাল, খুশী কবির, বিনায়ক সেন, আসিফ নজরুল, স্বপন আদনান, হানা শামস আহমেদ, রেহনুমা আহমেদ, সালমা খান, শহীদুল্লাহ খান, পিয়াস করিম, সারা হোসেন, মেজবাহ কামাল, জ্যোতির্ময় বড়ুয়া, তালেয়া রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।