আদালত অবমাননার মামলায় মাহমুদুর রহমানের হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার মামলায় গতকাল বৃহস্পতিবার মাহমুদুর রহমানকে কারাগার থেকে সুপ্রিম কোর্টে হাজির করা হয়েছে। প্রকাশনা বাতিল হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার চার সাংবাদিককেও তাঁর সঙ্গে আদালতে তলব করা হয়। তিনি ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য এই মামলা হয়। অন্য সাংবাদিকেরা ক্ষমা চাইলেও মাহমুদুর রহমান রুলের জবাব দেবেন। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল নয়টায় হাজির করা হয় মাহমুদুর রহমানকে। প্রায় আধ ঘণ্টা আদালতে অবস্থানের পর তিনি তাঁর আইনজীবীদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে যান। সেখানে তিনি আধ ঘণ্টা অবস্থান করেন। তাঁর এ অবস্থান নিয়ে প্রশ্ন তুলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আটক ব্যক্তি হিসেবে তাঁকে আদালতে হাজির করার পর আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার কথা। কিন্তু তিনি সভাপতির কক্ষে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, আইনজীবীদের সঙ্গে গল্প করেছেন। পুলিশের হেফাজতে থাকা কোনো ব্যক্তি এটা করতে পারেন না। এ বিষয়ে মাহমুদুর রহমান আদালতের কোনো অনুমতি নেননি বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।পুলিশের প্রিজন ভ্যানে করে মাহমুদুর রহমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে যখন হাজির করা হয়, তখন তাঁর হাতে ছিল সংবিধান ও গণতন্ত্র শিরোনামে ফরহাদ মযহারের লেখা একটি বই। সোয়া নয়টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা। এর আগে মাহমুদুর রহমান কুশল বিনিময় করেন আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ ও আবদুর রাজ্জাকের সঙ্গে। এ সময় তিনি বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থনা করব না।’ বিচারকাজ শুরু হলে তিনি সহকর্মীদের বলেন, ‘আমাকে কি করবে? মেরে ফেলবে? আই অ্যাম রেডি ফর ডাই (আমি মৃত্যুর জন্য প্রস্তুত)।’ নয়টা ২০ মিনিটে শুনানি শুরু হলে মাহমুদুর রহমানের পেছনে দাঁড়ান বাকি চারজন। শুনানিতে তাঁদের আইনজীবী রফিক-উল হক আদালতকে বলেন, চারজন ক্ষমাপ্রার্থনা করবেন। মাহমুদুর রহমান রুলের জবাব দেবেন। এ জন্য চার সপ্তাহ সময় প্রয়োজন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, এ বিষয়ে কোনো আবেদন দেওয়া হয়নি। রফিক-উল হক আবেদন দেওয়ার কথা জানান। আদালত ১২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। বাকি চারজন হলেন পত্রিকাটির প্রকাশক হাশমত আলী, উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী ও বিশেষ প্রতিবেদক অলিউল্লাহ নোমান।সাড়ে নয়টায় আদালতকক্ষ থেকে আইনজীবীদের সঙ্গে বেরিয়ে মাহমুদুর রহমান সোজা সমিতির সভাপতির কক্ষে যান। তাঁদের পেছনে কয়েকজন পুলিশ সদস্য দেখা গেলেও কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। সভাপতির কক্ষে ঢোকার সময় মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়ছি। গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য লড়ছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছি।’ সভাপতির কক্ষে তাঁর অবস্থানের সময় তিনজন পুলিশ সদস্য বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ছিলেন। কক্ষের ভেতরে মাহমুদুর রহমানের উপস্থিতিতে বক্তব্য দেন রফিক-উল হক ও মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক, সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রমুখ। রফিক-উল হক বলেন, চারজন ক্ষমা চাইবেন। মাহমুদুর রহমান ক্ষমা চাইতে রাজি হননি। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কাউকে কারাগার থেকে সুপ্রিম কোর্টে হাজির করা হলো। এরপর আইনজীবীরা মামলার বিষয়ে আলোচনা ও পরামর্শের কথা জানালে সাংবাদিকেরা কক্ষ থেকে বেরিয়ে যান। ১০টা ৫ মিনিটে পুলিশ কর্মকর্তারা এসে মাহমুদুর রহমানকে নিয়ে যান। মওদুদ আহমদ বলেন, আদালত ১২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন মাহমুদুর রহমানসহ পাঁচজনকে আদালতে হাজির হতে হবে।আদালত অবমাননার এই মামলায় গত ২ জুন এঁদের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ভোররাতে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। পরে আদালতের নির্দেশে গতকাল তাঁকে হাজির করা হয়।