আদালত অবমাননায় কুষ্টিয়ার ডিসির হাইকোর্টে হাজিরা
একটি আদালত অবমাননার মামলায় গতকাল মঙ্গলবার হাইকোর্টে হাজিরা দিতে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবদুল মান্নান। তবে ডিসি প্রায় চার ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করলেও এদিন তাঁর বিরুদ্ধে জারি করা রুলের ওপর শুনানি হয়নি।বিচারপতি এ এইচ শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে।আজ বুধবার শুনানি হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের আইনজীবী এ এস এম খালেকুজ্জামান।জানা গেছে, কুষ্টিয়া জেলার গড়াই নদী থেকে বালু তোলার জন্য জনৈক আনোয়ারুল হক বিআইডব্লিউটিএর অনুমোদন পান। কিন্তু সরকারের এক সিদ্ধান্তের কথা জানিয়ে ডিসি ইজারার টাকা নেওয়া থেকে বিরত থাকেন। ওই সিদ্ধান্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারার কথা বলা হয়। আনোয়ারুল হক হাইকোর্টে রিট আবেদন করলে আদালত ইজারার টাকা জমা নিতে নির্দেশ দেন। ডিসি এর পরও টাকা জমা না নেওয়ায় রিট আবেদনকারী তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত ডিসির প্রতি রুল জারি করেন এবং হাজিরার নির্দেশ দেন।