আদালত এলাকায় আসামিদের হামলায় বাদীর স্বামী আহত
চট্টগ্রামে আদালত এলাকায় আসামিপক্ষের হামলায় একটি মামলার বাদীর স্বামী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়। হামলায় আহত মো. মহিউদ্দিনের (৩২) বাড়ি হাটহাজারী থানার দক্ষিণ মিরের খিল এলাকায়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্র জানায়, মিরের খিল এলাকার বাসিন্দা নিলুফার ইয়াসমিন ও তাঁর স্বামী মহিউদ্দিন একটি মামলায় হাজিরা দিতে গতকাল চট্টগ্রামের আদালতে আসেন। চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে আলী আজম, জসিম, জাহাঙ্গীর, আবুল হোসেন, আবু আহম্মদ ও পাভেল নামের ছয় ব্যক্তিকে আসামি করে গত বছর নিলুফার ওই মামলা করেন। গতকাল ওই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। নিলুফার ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার চত্বরে ছিলাম। এ সময় আবুল হোসেন, পাভেল ও আলী আজম ৮-১০ জন লোক নিয়ে এসে আমার স্বামীর ওপর হামলা চালায়। তারা আমার স্বামীকে মাটিতে ফেলে মারধর করে এবং ছুরি দিয়ে কপালে ও মাথার পেছনে আঘাত করে।’খবর পেয়ে জেলা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে গিয়ে আসামিদের বহনকারী একটি প্রাইভেট কার আটক করেন। চট্টগ্রাম আদালতের পরিদর্শক অনু মং মারমা বলেন, ‘আসামিপক্ষের হামলায় একজন আহত হয়েছেন।’ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর হাকিম আদালতে এলে নিলুফারের পক্ষ থেকে হামলার বিষয়টি জানানো হয়। এরপর আদালত আবুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পাভেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আলী আজম সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। বৃহস্পতিবার আদালতে এলে নিলুফার ও তাঁর স্বামী আমাদের উদ্দেশ করে কটূক্তি করেন। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। কোনো হামলা হয়নি।’ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। কেউ অভিযোগ নিয়ে এলে মামলা নেওয়া হবে।’