আদালত এলাকায় প্রবাসীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিবি পরিচয় দিয়ে ঢাকার আদালত এলাকা থেকে একটি মামলার বাদী জার্মানি-প্রবাসী ইকবাল হোসেনকে অপহরণের চেষ্টার অভিযোগে গতকাল রোববার পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজনকে আটক করেছেন আইনজীবীরা। তাঁরা হলেন আশুলিয়া থানার এসআই সওগাতুল আলম ও আশুলিয়া এলাকার একটি ইটভাটার প্রধান হিসাবরক্ষক মাহবুবুর রহমান মজুমদার।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোসলেহ্উদ্দিন জসিম প্রথম আলোকে জানান, এ ঘটনায় আটক এসআই সওগাতুল আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান আশ্বাস দেন। তাই ওই এসআইকে কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশনের সহকারী কমিশনার আমিনুর রহমানও উপস্থিত ছিলেন।
আমিনুর রহমান বলেন, আটক অপর ব্যক্তি মাহাবুবুর রহমানকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩৬৪ ধারায় মামলা দায়েরের চেষ্টা চলছে।
কিন্তু রাত সাড়ে আটটা পর্যন্ত পুলিশ মামলা নেয়নি বলে ইকবাল হোসেনের আইনজীবী তাপস দাস অভিযোগ করেন।
তাপস দাস জানান, ইকবাল হোসেন একটি চেক প্রত্যাখ্যান-সংক্রান্ত মামলার বাদী। ১৫ লাখ টাকা পাওনা আদায় করতে তিনি রেজা ব্রিকসের মালিক শাহীন রেজার জামাতা রাশেদ মোর্শেদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় মুখ্য মহানগর হাকিম আদালতে হাজিরা দিয়ে দুপুর ১২টার দিকে নিচে নামেন। এসআই সওগাতুল আলম নিজেকে ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে ইকবালকে তাঁর মামলার আসামির দেওয়া চেক ফেরত দিতে বলেন। ইকবাল রাজি না হলে তাঁকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করতে গেলে চিৎকার শুনে আইনজীবীরা গিয়ে দুজনকে আটক করেন। এসআই সওগাতুল আলম প্রথম আলোকে বলেন, একটি ঘটনায় তাঁর সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে তা মীমাংসা হয়ে গেছে।
আশুলিয়া থানার ওসি বদরুল আলম দাবি করেন, সওগাতুল কোনো অপরাধ করেননি, তাই তাঁর বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ওই এসআই একটি মামলার আসামি ধরতে গিয়েছিলেন। তাঁকে আসামি আইনজীবীরা ডেকে আটক করেন।
ঢাকার এসপি হাবিবুর রহমান বলেন, অভিযোগের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।