চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারক এস এম মজিবুর রহমানের চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বাসা ও আদালতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আজ রোববার থেকে আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর দায়রা জজ আদালতে এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা পালাক্রমে দিনরাত পাহারায় থাকবে। সপ্তাহ খানেক আগে বাসায়ও নিরাপত্তা বাড়ানো হয়।
৬ জানুয়ারি বিচারক এস এম মজিবুর রহমান এ মামলার রায় ঘোষণার জন্য ৩০ জানুয়ারি তারিখ ধার্য করেন।
এ মামলার আসামি জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ ‘প্রথম আলো’কে বলেন, ‘১০ ট্রাক অস্ত্র মামলার রায়কে ঘিরে রোববার থেকে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক প্লাটুন বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ফোর্স থাকবে। তারা পালাক্রমে পাহারায় থাকবে।’ তিনি আরও বলেন, ‘নগরের পাঁচলাইশ এলাকায় মহানগর দায়রা জাজের বাসায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ ‘প্রথম আলো’কে বলেন, ‘গত বছরের ১০ নভেম্বর জজ সাহেবের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া ১৪ জানুয়ারি লাল টেপ মোড়ানো একটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। মামলার রায়কে ঘিরে রোববার থেকে আদালতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।’