ঠাকুরগাঁওয়ে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গত সোমবার এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জেলা ছাত্রদলের নেতা মাসুদুল ইসলামসহ কয়েক ব্যক্তি তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।নিহত তরুণের নাম রফিকুল ইসলাম (২৭)। তিনি জেলা শহরের গোয়ালপাড়ার আবদুর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পুরোনো কবরস্থানে জানাজার পর রফিকের লাশ দাফন করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল নিহতের মা কোহিনূর বেগম বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার বেলা দেড়টার দিকে রফিক একটি মামলায় হাজিরা দিতে ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিম আদালতে গিয়েছিলেন। সে সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম ও তাঁর সহযোগী দীপু, জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো. সেলিমসহ কয়েকজন যুবক আদালত চত্বর থেকে রফিককে তুলে নিয়ে যান। পরে শহরের ফকিরপাড়া এলাকার দোয়েল প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। সে সময় আশপাশের অনেক মানুষ ঘটনাটি দেখেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, হত্যাকাণ্ডে ছাত্রদলের নেতা মুন্না ও দীপুর সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।