আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, হামলা

জেলা জজ ও মুখ্য বিচারিক হাকিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আদালত এলাকায় ওই ঘটনা ঘটে।
এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারালয়ের তিনটি জানালা ও একটি দরজা ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার ঘটনায় আইনজীবী ও আদালতের কর্মচারীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা জজ আদালতের একাধিক কর্মচারী ও আদালত পরিদর্শক মো. গিয়াস উদ্দিন বলেন, গতকাল বেলা ১১টার দিকে আইনজীবীরা জেলা জজ আদালত এলাকায় একটি মিছিল বের করেন। পরে তাঁরা মিছিল নিয়ে জজ আদালতের দ্বিতীয় তলায় এলে কর্মচারীরা তাঁদের বাধা দেন। এ সময় আইনজীবীরা তাঁদের ওপর হামলা চালান এবং তৃতীয় তলায় গিয়ে ভাঙচুর করেন। হামলায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির এমরান হোসেন, সেরেস্তাদার আবদুল মতিন, সোলায়মান হোসেন ও পেশকার আউয়ুব আলী আহত হন। এদিকে জজ আদালতে হামলা ও কর্মচারীদের মারধরের প্রতিবাদে কর্মচারীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এইচ এম আবদুর নুর বলেন, জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা গত রোববার থেকে ওই দুজনের আদালত বর্জন করে আসছেন। এর জের ধরে গতকাল তাঁরা আদালত এলাকায় একটি মিছিল বের করলে জজ আদালতের কর্মচারীরা তাঁদের ওপর হামলা করেন। এ সময় আইনজীবী আশিকুর রহমান, জাকির হোসেন ও মোসাদ্দেক হোসেন আহত হন। কর্মচারীরা জজ আদালতের জানালা ও দরজা ভাঙচুর করেছেন বলে দাবি করেন তিনি।
জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম সারোয়ার বলেন, তিন দিন ধরে দুটি আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এর বেশি কিছু তিনি আর বলতে চাননি।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাছিম মিয়া বলেন, আইনজীবীদের সঙ্গে জজ আদালতের কর্মচারীদের ধস্তাধস্তি হয়েছে। জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।