আদালত চত্বরে হামলার শিকার অলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাংসদ কর্নেল (অব.) অলি আহমদ গতকাল বৃহস্পতিবার একটি মানহানির মামলায় চট্টগ্রামের আদালতে জামিন নিতে গেলে ছাত্র ও যুবলীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়।একজন নারী সাংসদ সম্পর্কে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিরুদ্ধে করা মামলায় জামিন নিতে গেলে অলির ওপর এ হামলা হয়।চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সদস্য আফতাব মাহমুদ গত ২০ নভেম্বর মহানগর হাকিমের আদালতে এ মানহানির মামলা করেন।জামিন: সকালে মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে অলি জামিনের আবেদন করেন। শুনানির পর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন।অলি আহমদ পরবর্তী শুনানির সময় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও মানহানির মামলা থেকে খালাসের জন্য পৃথক দুটি আবেদন করেন। আদালত দুটি আবেদনই আগামী রোববার বিচারিক আদালতে শুনানির জন্য নথি পাঠিয়ে দেওয়ার আদেশ দেন।সংঘর্ষ: অলি আহমদ সকালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আদালত এলাকায় পৌঁছালে যুবলীগের কর্মীরা তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। আদালতে তাঁর জামিনের বিষয়ে শুনানির সময় বারান্দায় যুবলীগের নেতা-কর্মীরা ঝাড়ু ও জুতা মিছিল করেন। অলি আহমদ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে যাওয়ার পর কর্মীরা তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে লক্ষ্য করে জুতা ও আবর্জনা ছুড়ে মারা হয়। তবে দলীয় নেতা-কর্মীদের বেষ্টনীর মধ্যে থাকায় তা তাঁর গায়ে লাগেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে এলডিপি ও যুবলীগের কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কর্মী ও সাংবাদিকসহ কমপক্ষে ছয়জন আহত হন। যুবলীগের কর্মীরা এলডিপির দুই কর্মীকে বেদম পিটুনি দেন। এ সময় কর্নেল অলির গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় এটিএন বাংলার ক্যামেরাম্যান মো. ফরিদ ও সময় টেলিভিশনের ক্যামেরাম্যান বিপ্লব মজুমদার আহত হন। মামলার বাদী আফতাব মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আদালত চত্বরে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্নেল অলির সমর্থকেরা সেখানে আসায় সংঘর্ষ হয়েছে। এতে আমাদের পক্ষেরও চারজন আহত হয়েছে।’ প্রসঙ্গত, ১৯ নভেম্বর স্থানীয় দৈনিক পূর্বকোণ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে একজন নারী সাংসদ সম্পর্কে অলির বক্তব্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ‘তিনি (কর্নেল অলি) বলেন, চন্দনাইশের একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যার সমাধান করা যাবে না। তাই বেশি করে টুঙ্গিপাড়া থেকে সুন্দরী মহিলাদের চন্দনাইশে এনে দিলে যুবসমাজের কল্যাণ হবে।’অলির বক্তব্য: ঘটনার পর লালদীঘি পাড়ের বাসভবনে অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগে নেওয়ার জন্য মন্ত্রী পর্যায়ের লোক এসেছিল। কিন্তু আমি সাড়া দিইনি। এ কারণে তারা প্রতিহিংসা ও প্রতিশোধের বশবর্তী হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’ অলি বলেন, ‘আট-দশজন সন্ত্রাসী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এর আগে বুধবার রাতে সরকারি দলের নেতা-কর্মীদের সঙ্গে ওসির বৈঠক হয়।’সাংসদ অলি বলেন, ‘আমি কোনো ভদ্র মহিলার বিরুদ্ধে এ ভাষায় কথা বলিনি। আমার বাবা-মা আমাকে এ ভাষায় কথা বলতে শেখায়নি।’সাংসদ অলির অভিযোগ সম্পর্কে কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘এ অভিযোগ সত্য নয়। আমি কারও সঙ্গে বৈঠক করিনি।’