আদালত চত্বরের ক্যানটিনে মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আদালত চত্বরের সৌরভ ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি হাউস নামের ক্যানটিনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্যানটিন সিলগালা করেন।পরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যানটিনের ব্যবস্থাপক আনোয়ার হোসেনের বাসায় অভিযান চালিয়ে নয় ক্যান (৫০০ এমএল) বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের হাকিম মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েকজন আইনজীবীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ক্যানটিনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কয়েক কেস কোমল পানীয়, বিস্কুট, কেকসহ কিছু খাবার জব্দ করি।’ এ সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিলাসদী মহল্লায় ক্যানটিনের ব্যবস্থাপক আনোয়ার হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তাঁর খাটের তলায় তল্লাশি চালিয়ে নয় ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। অভিযান চালানোর সময় আনোয়ার পালিয়ে যান।