আদালত চলে যাওয়ার পরক্ষণেই ফের ঘাট দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশ অমান্য করে জেলা পরিষদের ঘাট দখল করতে মরিয়া হয়ে উঠেছেন সেই মেয়র। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘাটে গিয়ে অভিযান চালান। এ সময় কুমারখালী পৌরসভার মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান অরুণ ও তাঁর লোকজন ঘাট ছেড়ে চলে যান। ভ্রাম্যমাণ আদালত চলে গেলে ঘাট আবার দখলে নেন মেয়র।এ নিয়ে জেলা পরিষদ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের ডেপুটি নেজারত কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার হাসদিয়া-তেবাড়িয়া খেয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। আদালতের আদেশ অমান্য করে ঘাট এলাকায় পৌরসভার লোকজন অবৈধভাবে টাকা তোলায় তিনজনকে আটক করা হয় এবং সেখানে পৌরসভার করা ছাউনি স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মৌখিকভাবে ঘাট এলাকায় আর থাকবেন না এমন ঘোষণা দিলে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। এরপর জেলা পরিষদ থেকে ঘাট ইজারা পাওয়া প্রকৃত ঠিকাদারকে ঘাট বুঝিয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালত চলে যান। ঠিকাদার মিজানুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত ঘাট এলাকা থেকে চলে আসামাত্র আবার পৌরসভার লোকজন গিয়ে তাঁদের মারধর করেন এবং নৌকা ভাসিয়ে ঘাট দখল করে নেন। আজও (বুধবার) ঘাট এলাকায় পৌরসভার লোকজন টাকা তুলেছে। বিষয়টি সকালে লিখিতভাবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। গতকাল বুধবার প্রথম আলোতে ‘জেলা পরিষদের ঘাট দখলে নিলেন মেয়র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।