আদালত থেকে আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনানির জন্য আদালতে আনা অস্ত্র মামলার এক আসামি পালিয়ে গেছে। গত বুধবার সকালে ঠাকুরগাঁও জজ আদালত থেকে পুলিশের হেফাজতে থাকাকালীন হাতকড়াসহ সে পালিয়ে যায়।দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবারই ওই আসামিকে আদালতে নিয়ে আসা পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই আসামি হলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা গ্রামের আবদুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৩৫)।অতিরিক্ত পুলিশ সুপার এস এম নাহিদ জানান, সিরাজুল ইসলামকে গত বছরের ২৬ ডিসেম্বর একটি দেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। ওই দিন রানীশংকৈলের ভান্ডরা গ্রামে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা করলে জনগণ তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবু তালেব গত বছরের ২৭ ডিসেম্বর রানীশংকৈল থানায় মামলা করেন।অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে সিরাজুল ঠাকুরগাঁও জেলা কারাগারে আটক ছিলেন। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাবিলদার আবদুল জব্বার ও কনস্টেবল রফিকুল ইসলাম হাতকড়া পরিয়ে সিরাজুলকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়ে আসেন। একপর্যায়ে হাবিলদার আবদুল জব্বার অন্য একটি কাজে বাইরে যান। এ সময় সিরাজুল শৌচাগারে যেতে চাইলে কনস্টেবল রফিকুল ইসলাম তাঁকে সেখানে নিয়ে যান। সিরাজুল বের হলে রফিকুল শৌচাগারে ঢোকেন। এ সুযোগে সিরাজুল পালিয়ে যান।এস এম নাহিদ জানান, পালিয়ে যাওয়া আসামিকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে আবদুল জব্বার ও রফিকুল ইসলামকে পুলিশলাইনে প্রত্যাহার করা হয়েছে।