আদালত থেকে নথি চুরির অভিযোগে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত থেকে মামলার নথি চুরির অভিযোগে রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-১-এর বরখাস্ত হওয়া এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটক আরিফ আহম্মেদ ওরফে রকি (৩৫) ওই আদালতের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি নগরের মোল্লাপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
নথি গায়েবের অভিযোগে প্রায় তিন মাস আগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, আদালতে কর্মরত অবস্থায় ১১ লাখ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির এক মামলার নথি গায়েব করে দেন আরিফ। এ অভিযোগে তাঁকে তিন মাস আগে বরখাস্ত করা হয়। এরপর তিনি তিন মাস ধরে গায়েব করা নথি ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে তলব করা হয়। এ সময় গায়েব হওয়া নথি ফেরত দিতে না পারায় তাঁকে পুলিশে দেন আদালতের বিচারক শরিফুল ইসলাম।
ওসি আরও জানান, গতকাল বিকেলে ওই আদালতের নাজির তোফাজ্জল হোসেন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় নথি চুরি এবং চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।