হাজতখানা থেকে পালানো এসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের হাজতখানা থেকে পালানো রাজধানীর কাফরুল থানার সাবেক উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে আদালত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।
পুলিশ হেফাজতে নির্যাতনে ব্যবসায়ী ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তিন আসামির একজন রেজাউল। গতকাল রোববার এ মামলায় জামিন নাকচ হওয়া তিন আসামিকে হাজতখানা থেকে কারাগারে পাঠানোর সময় তাঁর পালানোর বিষয়টি ধরা পড়ে। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। আজ সে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার মামলায় আজ বিকেলে তাঁকে (রেজাউল) আদালতে তোলা হবে।

আদালত সূত্র বলেছে, ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে গতকাল সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই হত্যা মামলার তিন আসামি কাফরুল থানার সাবেক দুই উপপরিদর্শক নুরুজ্জামান ও রেজাউল করিম পাটোয়ারী এবং পুলিশের তথ্যদাতা (সোর্স) রতন বাবু। আদালত তিনজনেরই জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত তাঁদের বিরুদ্ধে হাজতি পরোয়ানাও জারি করেন। পরে তাঁদের আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তবে বিকেলে আসামিদের কারাগারে পাঠানোর সময় পুলিশ বুঝতে পারে, এক আসামি (রেজাউল) নেই।
আদালত সূত্র বলেছে, গতকাল এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

সূত্র বলেছে, আসামি রেজাউল করিমসহ তিনজনের বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারির পর তাঁদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পুলিশের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেজাউল কৌশলে বেরিয়ে পালিয়ে গেছেন।

আরও  পড়ুন..