আদালত থেকে পালানো সেই রুবেল রিমান্ডে
আদালত থেকে পালানোর ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলায় রাফসান হোসেন ওরফে রুবেলের (২৬) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রুবেল গারো তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
আজ রুবেলকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে কোতোয়ালি থানা-পুলিশ। গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় বাড্ডা থানায় করা মামলায় গত ১৫ নভেম্বর রুবেলকে ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া রুবেলকে দ্বিতীয় দফায় সেদিন রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৩ নভেম্বর বিকেলে ঢাকার সিএমএম আদালত থেকে পালিয়ে যান তিনি। এ মামলায় ১১ নভেম্বর রুবেলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। পরদিন তাঁকে বাড্ডা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ১৩ নভেম্বর তাঁকে ঢাকার আদালতে নিয়ে গেলে সেখান থেকে তিনি পালান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর এক গারো তরুণী উত্তর বাড্ডার একটি মেসে তাঁর হবু স্বামীর সঙ্গে দেখা করতে যান। তখন এলাকার সন্ত্রাসী রুবেল ও তাঁর সহযোগী ওই গারো তরুণীকে পাশের একটি বাড়িতে ধরে নিয়ে ধর্ষণ করেন।