আদালত থেকে পালিয়ে হাতকড়া পরেই ঘুরছিলেন গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রাফসান হোসেন ওরফে রুবেল (২৬)। হাতকড়া বাঁধা হাতের ওপর পেঁচিয়ে নিয়েছিলেন সাদা কাপড়, যাতে মনে হয় হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এ অবস্থায় তিনি দুই রাত কাটিয়েছেন ঢাকার ভাটারা ও বাড্ডা এলাকায়, এক দিন ছিলেন টঙ্গীতে।
গতকাল মঙ্গলবার রুবেলকে দ্বিতীয় দফায় গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান। গত রোববার আদালত থেকে পালানোর পর রুবেল কোথায়, কীভাবে ছিলেন তা জানানো হয় এ সংবাদ সম্মেলনে।
গতকাল সকালে বাসে ওঠার সময় বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে সাদাপোশাকের পুলিশ তাঁকে ধরে। পুলিশকে এড়াতে তিনি ছিনতাইকারী বলে চেঁচামেচিও করেন। কিন্তু শেষ পর্যন্ত হাতের সাদা কাপড়টি সরে যাওয়ায় হাতকড়া দেখতে পেয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির গুলশান বিভাগের ডিসির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ ছয়টি মামলা আছে। তাঁর পালানোর পেছনে পুলিশ সদস্যদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি জানিয়ে ডিসি এস এম মোস্তাক আহমেদ খান বলেছেন, প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন নয়, দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। উত্তর বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের মামলায় গত শুক্রবার রুবেলকে গ্রেপ্তার করেছিল র্যাব।
গতকাল দুপুরে রুবেলকে আবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।